যেমন আছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী

Ayesha Siddika | আপডেট: ১১ এপ্রিল ২০২৩ - ০৮:০১:৩১ পিএম

ডেস্ক নিউজ : গত পাঁচদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। ডা. জাফরুল্লাহ চৌধুরীর সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে মঙ্গলবার (১১ এপ্রিল) বিকেল ৪টায় গণস্বাস্থ্য কেন্দ্র থেকে প্রকাশিত স্বাস্থ্য বুলেটিনে এই তথ্য জানানো হয়।

মেডিকেল বোর্ডের প্রধান সমন্বয়কারী অধ্যাপক ব্রি. জেনারেল (অব.) ডা. মামুন মোস্তাফী জানিয়েছেন, ডা. জাফরুল্লাহ চৌধুরীর রক্তে ইনফেকশন পাওয়া গেছে, যা নিয়ন্ত্রণের লক্ষ্যে যে ওষুধ দেওয়া হচ্ছে, তাতে ইতিবাচক সাড়া মিলছে। আজ বেলা ২টা ১৫ মিনিট থেকে তার কিডনির ডায়ালাইসিস শুরু হয়েছে, সঙ্গে চলছে অন্য চিকিৎসা। তিনি গণস্বাস্থ্য নগর হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে এখনো ভেন্টিলেশনে আছেন।

তিনি আরও বলেন, ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার উন্নতির জন্য প্রতিদিনের মতো আজ সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত মেডিকেল বোর্ডের সভা হয়। তিনিসহ এতে অন্য দেশখ্যাত চিকিৎসা বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। তারা হলেন- মেডিসিনের অধ্যাপক এ বি এম আবদুল্লাহ, নিউরোলজির অধ্যাপক কাজী দ্বীন মোহাম্মদ, মেডিসিনের অধ্যাপক এফ এম সিদ্দিকী, অধ্যাপক আলী আহমেদ, কার্ডিওলজীর অধ্যাপক আবদুল ওয়াদুদ চৌধূরী, অধ্যাপক শফিকুল বারী এবং গণস্বাস্থ্যের সংশ্লিষ্ট চিকিৎসকরা। তারা ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্বাস্থ্য সংক্রান্ত সবশেষ রিপোর্ট পর্যালোচনা করে নিজ নিজ মতামত ও পর্যবেক্ষণ তুলে ধরে প্রয়োজনীয় জরুরি চিকিৎসা কৌশল তুলে ধরেছেন।

ডা. মামুন মোস্তাফী বলেন, সংস্থার সব কর্মী, সংগঠক ও স্বেচ্ছাসেবকদের পক্ষ থেকে দেশবাসীর কাছে ডা. জাফরুল্লাহ চৌধুরীর জন্য দোয়া, প্রার্থনা ও ভালোবাসা অব্যাহত রাখার জন্য আহ্বান জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন অধ্যাপক আলতাফুন্নেছা। গত শুক্রবার গণস্বাস্থ্য কেন্দ্রের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে জানানো হয়, ডা. জাফরুল্লাহ চৌধুরী গুরুতর অসুস্থ। তাকে ধানমন্ডির গণস্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

 

 

কিউটিভি/আয়শা/১১ এপ্রিল ২০২৩,/রাত ৮:০২

▎সর্বশেষ

ad