
ডেস্ক নিউজ : আসন্ন পয়লা বৈশাখ ঘিরে কোনো ধরনের নিরাপত্তা হুমকি নেই বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। তবে পয়লা বৈশাখে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
সোমবার (১০ এপ্রিল) দুপুরে রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে এসে উপস্থিত সাংবাদিকদের এ কথা জানান তিনি।
আইজিপি বলেন, ঢাকা শহরের সবগুলো মার্কেটে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এবং বিভিন্ন স্তরে নিরাপত্তা বলায় সৃষ্টি করা হয়েছে। নিরাপদ ব্যবস্থা ছাড়াও সহজে মার্কেটে যাতায়াত নিশ্চিত করতে ট্রাফিক ব্যবস্থাও জোরদার করা হয়েছে।
ট্রাফিক ব্যবস্থা সম্পর্কে আইজিপি বলেন, ডিএমপি কমিশনার পর্যন্ত রাস্তায় দায়িত্ব পালন করা ফোর্সদের সঙ্গে ইফতার করে। অতিরিক্ত কমিশনাররাও যানজট কমাতে ইফতারের আগ পর্যন্ত রাস্তাতেই দায়িত্ব পালন করেন। তবে বাস্তব কিছু সমস্যার কারণে আমাদের আন্তরিকতা ও সদিচ্ছা থাকা সত্ত্বেও জনগণের প্রত্যাশিত মাত্রায় সেবা হয়তো আমরা দিতে পারি না।
টাকা পয়সা লেনদেনে যদি কেউ পুলিশের সহায়তা চায় আমরা সার্বক্ষণিক সহায়তা করতে প্রস্তুত রয়েছি। যেকোনো আর্থিক প্রতিষ্ঠানকে সহায়তা করা হবে বলে জানান আইজিপি।
কিউটিভি/অনিমা/১০ এপ্রিল ২০২৩,/বিকাল ৫:২৬






