
আন্তর্জাতিক ডেস্ক : ভারতে একটি মন্দিরে ধর্মীয় অনুষ্ঠান চলাকালে গাছ চাপা পড়ে সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন আরও পাঁচজন। সোমবার (১০ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, রবিবার সন্ধ্যা ৭টার দিকে মহারাষ্ট্রের আকোলায় একটি মন্দিরের সামনে ধর্মীয় অনুষ্ঠান চলকালে এ হতাহতের ঘটনা ঘটে। একটি টিনশেডের নিচে বহু ভক্ত আশ্রয় নিয়েছিলেন। সে সময় প্রবল বৃষ্টি ও ঝড়ে পুরনো একটি নিম গাছ টিনশেডের ওপর ভেঙে পড়ে।
পুলিশ জানায়, শেডের নিচে ৩৫ থেকে ৪০ জন চাপা পড়েছিলেন। এর মধ্যে সাতজন প্রাণ হারান। এ ছাড়া পাঁচজনকে আহত অবস্থায় আকোলা মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে।
গাছ চাপা পড়ে হতাহতের ঘটনায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফদনবিস শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, ধর্মীয় অনুষ্ঠানে গাছ চাপা পড়ে কিছু ভক্ত নিহত হওয়ার ঘটনা বেদনাদায়ক। নিহতদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কিউটিভি/অনিমা/১০ এপ্রিল ২০২৩,/সকাল ১০:৪০






