শেষ ওভারে গুজরাটের ভুলটা কোথায়?

Ayesha Siddika | আপডেট: ০৯ এপ্রিল ২০২৩ - ১০:৪৪:০১ পিএম

স্পোর্টস ডেস্ক : গুজরাটের বিপক্ষে আজকের (রোববার) ম্যাচে রিংকুর মোট রান ২১ বলে ৪৮। এর মধ্যে শেষ ওভারে পাঁচ বলেই তিনি করেছিলেন ৩০ রান। আগের ১৮ বলে এসেছে মাত্র ১৮ রান। তাহলে শেষ ওভারে এমন কী জাদু করেছিলেন রিংকু, যে কারণে খেলা একদম ১৮০ ডিগ্রি মোড় নিল? মূলত বোলারের ভুলের কারণেই আজকের ম্যাচ এভাবে মোড় নিয়েছে। শেষ ওভারে গুজরাটের হয়ে বোলিংয়ে এসেছিলেন যশ দয়াল। ম্যাচে তার আগের তিন ওভারে ৪০ রান দিয়ে একটিও উইকেট পাননি যশ। তবুও শেষ ওভারে ২৯ রান ডিফেন্ড করা অবশ্য তেমন কোনো ব্যাপারই ছিল না এই বোলারের জন্য।

যশের ওভারের প্রথম বলটাও নেহাত খারাপ হয়নি। অফ স্টাম্পে রাখা স্লোয়ার বলটা সিঙ্গেল নেয়ার চেয়ে বেশিকিছু করতেও পারতেন না উমেশ যাদব। তবে পরের বল থেকেই লাইন-লেন্থ হারালেন যশ। ওভারের দ্বিতীয় বলটা অফ সাইডে রাখতে গিয়ে ফুলটস করে ফেলেন যশ। সর্বশক্তি দিয়ে বাউন্ডারিছাড়া করেন রিংকু। পরের বলটাও ফুলটস, এবার লেগ সাইডে। আগেভাগেই বলের লাইন ধরতে পারায় ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ দিয়ে বাউন্ডারিছাড়া করেন রিংকু।

দুই ছয় খাওয়ার পর চাপের মুখে না চাইলেও পরের বলটা ফুলটস দিয়ে বসেন যশ। লংঅফ দিয়ে উড়িয়ে মারেন রিংকু। শেষ দুই বলে লেন্থ পুরোপুরি পরিবর্তন করেন যশ। ওই দুই বলই ওফসাইডের বাইরে শর্ট লেন্থে রেখেছিলেন যশ। বলা হয়, ব্যাটার যখন দুর্দান্ত ফর্মে থাকেন, তখন কোনোকিছুই আসলে অসম্ভব নয়। সেটাই করে দেখালেন রিংকু। যশের শেষ দুই বলও স্ট্রেট বাউন্ডারি দিয়ে ছক্কা মারেন বাঁহাতি এই ব্যাটার। বাউন্ডারি ছোট হওয়ায় কিছুটা ভাগ্যের সহায়তাও পেয়েছেন তিনি। তবে ভাগ্য বরাবরই সাহসীদের পক্ষে থাকে। আর এই রান তাড়ায় অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন সাহসী রিংকু।

 

 

কিউটিভি/আয়শা/০৯ এপ্রিল ২০২৩,/রাত ১০:৪৩

▎সর্বশেষ

ad