সানায় ওমান ও সৌদি প্রতিনিধিরা

Ayesha Siddika | আপডেট: ০৯ এপ্রিল ২০২৩ - ১০:৩৬:০৬ পিএম

আন্তর্জাতিক ডেস্ক :  প্রায় আট বছর ধরে গৃহযুদ্ধ চলছে মধ্যপ্রাচ্যের দেশ ইয়েমেনে। একদিকে সৌদি-আরব এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার। অপরদিকে, ইরানের সমর্থনপুষ্ট হুতি বিদ্রোহীগোষ্ঠী। দুপক্ষের সংঘর্ষে দেশটিতে এ পর্যন্ত প্রায় দেড় লাখ মানুষের প্রাণহানি হয়েছে। সৃষ্টি হয়েছে মানবিক সংকটের।

এবার ইয়েমেনে গৃহযুদ্ধ বন্ধে আন্তর্জাতিক উদ্যোগ নিয়েছে মধ্যপ্রাচ্যের আরেক প্রতিবেশী দেশ ওমান। সে লক্ষ্যে শনিবার (৮ এপ্রিল) ইয়েমেনের রাজধানী সানায় পৌঁছেছে ওমান ও সৌদি আরবের প্রতিনিধি দল। সফরে তারা হুতি বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে। আলোচনায় গত বছরের অক্টোবরে শেষ হওয়া যুদ্ধবিরতি চুক্তি পুনরায় চালুর বিষয়টি গুরুত্ব পাবে।

বিমানবন্দরে ওমানের প্রতিনিধি দলকে স্বাগত জানান হুতি বিদ্রোহীরা। এ সময় তাদের পক্ষ থেকে যুদ্ধ বন্ধে বেশকিছু শর্তের কথা জানানো হয়েছে। হুতি মধ্যস্থতাকারী প্রধান মোহাম্মদ আব্দুল-সালাম বলেন, আমাদের বেশকিছু যৌক্তিক দাবি রয়েছে। যুদ্ধ বন্ধ করতে হলে, আগে সবধরনের আগ্রাসন বন্ধ করতে হবে, নিষেধাজ্ঞা তুলে নিতে হবে, তেল এবং গ্যাস থেকে যে আয় হয় ইয়েমেনের সব কর্মজীবীকে তার নির্দিষ্ট অংশ দিতে হবে, ইয়েমেন থেকে সব বিদেশি সেনাদের প্রত্যাহার করতে হবে এবং যুদ্ধে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।

 এর আগে শনিবার শান্তি প্রক্রিয়ার অংশ হিসেবে সৌদি আরব দেশটিতে আটক ১৩ হুতি বিদ্রোহীকে মুক্তি দেয়। দ্বন্দ-সংঘাতে জর্জরিত মধ্যপ্রাচ্যে একে একে শান্তির সুবাতাস বইতে শুরু করেছে। গত মাসে দুই আঞ্চলিক পরাশক্তি সৌদি আরব এবং ইরানের সম্পর্কোন্নয়নের ঘোষণার মধ্য দিয়ে এর যাত্রা শুরু হয়েছিল। দুদেশের মধ্যে সুসম্পর্ক প্রতিষ্ঠা হলে, ইয়েমেনে শান্তি প্রতিষ্ঠা সহজ হবে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা।

 

 

কিউটিভি/আয়শা/০৯ এপ্রিল ২০২৩,/রাত ১০:৩৪

▎সর্বশেষ

ad