বিশ্বকাপের দল গঠন প্রক্রিয়া শুরু হয়ে গেছে: নান্নু

Ayesha Siddika | আপডেট: ০৯ এপ্রিল ২০২৩ - ১০:১৫:১৪ পিএম

ডেস্ক নিউজ : আগামী মাসে ইংল্যান্ডের চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সুপার লিগের অংশ হিসেবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। সেই সিরিজের জন্য অবশ্য এরইমধ্যে দলও ঘোষণার কাজ সেরে ফেলেছে বাংলাদেশ। রোববার (৯ এপ্রিল) বিকেলে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করে মিনহাজুল আবেদীন নান্নুর নেতৃত্বাধীন নির্বাচক প্যানেল। মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেনদের বাদ দিয়ে দল ঘোষণা করেছে বাংলাদেশ, আর প্রথমবারের মতো টাইগার স্কোয়াডে ডাক পেয়েছেন পেস বোলিং অলরাউন্ডার মৃত্যুঞ্জয় চৌধুরী।

এদিকে, এশিয়া কাপের আগে আর মাত্র দুটি ওয়ানডে সিরিজ পাচ্ছে বাংলাদেশ। আয়ারল্যান্ড সিরিজের পর জুনে আফগানিস্তানের বিপক্ষে খেলবে টাইগাররা। এই দুই সিরিজ দেখেই এশিয়া কাপের দল ঠিক করতে চান নির্বাচকরা। আর এশিয়া কাপের দলকেই যে বিশ্বকাপে খেলতে পাঠানো হবে, তা তো আগেই জানিয়ে রেখেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। নান্নু জানান, নির্বাচক প্যানেল এরই মধ্যে শুরু করে দিয়েছে দল নির্বাচন প্রক্রিয়া।

তিনি বলেন, ‘আমরা একটা পুল করেছি। সেখানে কিছু খেলোয়াড়কে আমরা সুযোগ দিয়েছি। আশা করি এশিয়া কাপের আগেই বিশ্বকাপের দলটা করে ফেলব। এর আগে আমরা খেলোয়াড়দের সব ধরনের পারফরম্যান্স বিবেচনা করব। কাউকে চোখের আড়াল করা হবে না।’
 

 

 

কিউটিভি/আয়শা/০৯ এপ্রিল ২০২৩,/রাত ১০:১৪

▎সর্বশেষ

ad