ইয়েমেনের ১৩ হুতি বন্দিকে মুক্তি দিল সৌদি

uploader3 | আপডেট: ০৯ এপ্রিল ২০২৩ - ০৪:৩৭:০১ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : বন্দিবিনিময় চুক্তির আওতায় এবার ১৩ জন ইয়েমেনি হুতি বিদ্রোহীকে মুক্তি দিয়েছে সৌদি আরব। ইয়েমেনে বহু বছর ধরে চলা সংঘাতের অবসান ঘটাতে আন্তর্জাতিক প্রচেষ্টার অংশ হিসেবে ওমানের কর্মকর্তারা রাজধানী সানায় পৌঁছার পর এই মুক্তি খবর পাওয়া গেল। রবিবার (০৯ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

হুতি নেতা আবদুল কাদের আল মুরতাবা বলেন, বন্দিবিনিময় চুক্তির আওতায় আগেই এক সৌদি বন্দিকে মুক্তি দিয়েছিল ইয়েমেন। তার বিনিময়ে শনিবার ১৩ জন হুতি বিদ্রোহীকে মুক্তি দিল সৌদি আরব। আমরা আশা করছি, দুই দেশের মধ্যে বন্দিবিনিময় প্রক্রিয়া অব্যাহত থাকবে।

ইয়েমেন সরকার জানিয়েছে, ৮৮৭ জন হুতি বিদ্রোহীকে মুক্তি দেওয়ার কথা থাকলেও সৌদি কর্তৃপক্ষ আগামী ১৪ এপ্রিল পর্যন্ত এ প্রক্রিয়া বন্ধ রেখেছে। জাতিসংঘের মধ্যস্থতায় সৌদি আরব ও ইয়েমেনের মধ্যে বন্দিবিনিময় চুক্তি হয় গত বছর। এতে বলা হয়, দুই দেশের মধ্যে দুই হাজার বন্দিবিনিময় হবে।

২০২২ সালের এপ্রিল মাসের প্রথম দিকে ইয়েমেন ও সৌদি আরবের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। এরপর কিছুসংখ্যক বন্দিবিনিময়ের পর আবার দেশ দুটি সংঘাতে জড়িয়ে পড়লে বন্দিবিনিময় চুক্তি মুখ থুবড়ে পড়ে। প্রসঙ্গত, ২০১৪ সাল থেকে ইরানপন্থি হুতি বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে জড়ায় সৌদি আরব।

কিউটিভি/অনিমা/০৯ এপ্রিল ২০২৩,/বিকাল ৪:৩৬

▎সর্বশেষ

ad