
আন্তর্জাতিক ডেস্ক : জাপানে ৩০ বছরের কমবয়সী অবিবাহিত প্রায় অর্ধেক লোক সন্তান নিতে আগ্রহী নয়। সন্তান না চাওয়ার কারণ হিসেবে অর্থনৈতিক অনিশ্চয়তা, সন্তান জন্মদান ও প্যারেন্টিংয়ের সমস্যার কথা উল্লেখ করেছেন তারা। একটি ফার্মাসিটিউক্যাল ফার্মের সাম্প্রতিক জরিপ থেকে এ তথ্য জানা গেছে।
গত জানুয়ারিতে অনলাইনে রোহতো ফার্মাসিটিউক্যাল কোম্পানি লিমিটেড এই জরিপ পরিচালনা করে। এতে দেখা যায়, ১৮ থেকে ২৯ বছর বয়সী ৪০০ উত্তরদাতার ৪৯.৪ শতাংশ বলেছে, তারা সন্তান নিতে আগ্রহী নয়। গত তিন বছরে চালানো জরিপের তুলনায় এ হার সর্বোচ্চ। অন্যদিকে লিঙ্গ ভিত্তিতে ৫৩.০ শতাংশ পুরুষ ও ৪৫.৬ শতাংশ নারী বাবা-মা না হওয়ার ইচ্ছে ব্যক্ত করেছে।
এদিকে দেশটির সরকারি তথ্যে দেখা গেছে, ২০২২ সালে শিশুর জন্ম সর্বনিম্ন আট লাখে নেমে এসেছে, যা ১৮৯৯ সালে তথ্য রেকর্ড শুরুর পর সর্বনিম্ন। সরকারের ধারনার চেয়ে অনেক আগেই শিশুর জন্ম কমে যাওয়ার এ তথ্য এলো। সরকারের পক্ষ থেকে ২০১৭ সালে বলা হয়েছিল, জাপানে ২০৩৩ সালে জন্মসংখ্যা আট লাখে নেমে আসবে।
সূত্র : সিনহুয়া, বাসস
কিউটিভি/অনিমা/০৮ এপ্রিল ২০২৩,/বিকাল ৫:১৭






