আদালত চত্বর থেকে ছিনিয়ে নেওয়া দুই জঙ্গি দেশেই আছেন

Ayesha Siddika | আপডেট: ০৮ এপ্রিল ২০২৩ - ০৫:০৬:১৫ পিএম

ডেস্ক নিউজ : ঢাকার আদালত চত্বর থেকে ছিনিয়ে নেওয়া দুই জঙ্গি দেশেই আছেন বলে জানিয়েছেন পুলিশের কাউন্টার টেররিজম বিভাগের (সিটিটিসি) প্রধান মো. আসাদুজ্জামান। শনিবার (৮ এপ্রিল) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। এর আগে, তিনি পালিয়ে যাওয়া জঙ্গি আবু সিদ্দিক সোহেলের স্ত্রী ফাতেমা তাসনিম শিখাকে গ্রেপ্তারের বিষয়ে সাংবাদিকদের বিস্তারিত তুলে ধরেন।

পালিয়ে যাওয়া জঙ্গিরা দেশেই আছেন নাকি পালিয়ে গেছেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আসাদুজ্জামান বলেন, তারা দেশেই আছেন। ছয়মাস ধরে তারা পরিকল্পনা করল, এরপর দুজনকে ছিনিয়ে নিল। এখানে কী গোয়েন্দারা ব্যর্থ এমন প্রশ্নের জবাবে সিটিটিসি প্রধান বলেন, সবকিছুই যে গোয়েন্দারা জানতে পারবে এমন কোনো কথা নেই। কাজটি তারা অতি গোপনে করেছে। স্ত্রী পরিচয় দিয়ে পালিয়ে যাওয়া জঙ্গির সঙ্গে দেখা করেছে। স্বামী-স্ত্রী যখন হাজত খানায় দেখা করেছে ইশারা ইঙ্গিতে তারা পালিয়ে যাবার প্লান বলেছে। আমরা যারা এসব নজরদারি করি, তাদের নজর এড়িয়ে তারা কাজটি করতে সক্ষম হয়েছে বলেন তিনি।

দুই জঙ্গি ছিনিয়ে নেওয়ার দিন আবু সিদ্দিক সোহেলের স্ত্রী শিখা আদালত চত্বরে ছিল কি না এমন প্রশ্নের জবাবে আসাদুজ্জামান বলেন, হ্যাঁ তারা সেখানেই ছিলেন। পৃথক দুটি মোটরসাইকেলে জঙ্গিরা পালিয়ে গিয়েছিল। সেটা মনিটরিং করেছে শিখা আর আইমান। এই অভিযানে ১০/১২ জন অংশ নিয়েছিল। ২০২২ সালের ২০ নভেম্বর ঢাকার নিম্ন আদালত থেকে পুলিশের চোখে স্প্রে করে প্রকাশক ফয়সল আরেফিন দীপনকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি আনসার আল ইসলাম সদস্য মইনুল হাসান শামীম ওরফে সামির ওরফে ইমরান এবং আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব ওরফে সাজিদ ওরফে শাহাবকে ছিনিয়ে নিয়ে যায় জঙ্গিরা।

 

 

কিউটিভি/আয়শা/০৮ এপ্রিল ২০২৩,/বিকাল ৫:০৫

▎সর্বশেষ

ad