
স্পোর্টস ডেস্ক : এক ম্যাচের মহাদেশিয় শ্রেষ্ঠত্বের লড়াই, যার পোশাকি নাম ‘ফিনালিসিমা’। ইউরোপ ও লাতিন আমেরিকার সেরা দুই দল মুখোমুখি আবার। তবে এবার মেয়েদের ফুটবলে। যেখানে ব্রাজিলকে হারিয়ে শিরোপা জিতল ইংল্যান্ড। ওয়েম্বলিতে বৃহস্পতিবার রাতে নির্ধারিত সময়ের খেলা ১-১ সমতায় শেষ হয়। এরপর টাইব্রেকারে ব্রাজিলকে ৪-২ ব্যবধানে হারায় স্বাগতিকরা।
গত বছর ছেলেদের ফুটবলে ‘ফিনালিসিমা’ জিতেছিল আর্জেন্টিনা। কোপা আমেরিকা চ্যাম্পিয়নরা ৩-০ গোলে হারিয়েছিল ইউরো সেরা ইতালিকে। পরে তো আর্জেন্টিনা বিশ্বকাপও জিতে নেয়। চার মাস পর অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে হবে মেয়েদের বিশ্বকাপ। ইংল্যান্ডের জন্য এই শিরোপা তাই প্রেরণার হবে নিশ্চিত ভাবেই।
মেয়েদের ফুটবলের র্যাঙ্কিংয়ে ইংল্যান্ডের অবস্থান চার ও ব্রাজিলের নবম। শীর্ষস্থানীয় দুটি দলের শিরোপা লড়াই দেখতে এ ম্যাচে স্টেডিয়ামে হাজির ছিলেন ৮৩ হাজারের বেশি দর্শক। স্থানীয় দর্শকদের আনন্দে মাতিয়ে ম্যাচের ২৩ মিনিটেই ইংল্যান্ডকে এগিয়ে দেন এলা টুনি। তবে ম্যাচের শেষ দিকে যোগ করা সময়ে বদলি নামা আন্দ্রেসা আলভেজ সমতা ফেরান। পরে টাইব্রেকারে শেষ হাসি হাসে ইংল্যান্ড।
কিউটিভি/আয়শা/০৭ এপ্রিল ২০২৩,/দুপুর ১:০০






