বিশ্বজুড়ে সাইবার ক্রাইম ওয়েবসাইট ‘জেনেসিস মার্কেট’ বন্ধ

Ayesha Siddika | আপডেট: ০৬ এপ্রিল ২০২৩ - ১১:৩৮:৫৯ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : হ্যাকারদের মার্কেট প্লেসের অপর নাম জেনেসিস মার্কেট। অভিনব কায়দায় সাধারণ মানুষের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেয় হ্যাকাররা। আর পরে এ ওয়েবসাইটটির মাধ্যমে বিক্রি করা হয়। এমন অভিযোগের ভিত্তিতে একযোগে বিভিন্ন দেশে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটির অন্তত ১২০ সাইবার অপরাধীকে গ্রেফতার করেছে পুলিশ।

প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের ১৭টি দেশের অন্তত ২০০টি জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। এই অভিযানের নেতৃত্ব দেয় যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই এবং ডাচ ন্যাশনাল পুলিশ। এছাড়া অভিযানে অংশ নেয় যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি, অস্ট্রেলিয়ার ফেডারেল পুলিশ এবং ইউরোপের বিভিন্ন দেশের আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী।
 
পুলিশ জানায়, এখানকার ক্রেতা বিক্রেতা সবাই অপরাধী। এছাড়া বিক্রেতারা সাইবার হামলা চালিয়ে ব্যক্তি ও প্রতিষ্ঠানের গোপন তথ্য হাতিয়ে নেন। আর সেখান থেকে পাসওয়ার্ড, লগইন–সংক্রান্ত তথ্য, আইপি অ্যাড্রেসসহ অন্যান্য তথ্য কিনে নেন অনলাইন প্রতারকরা।
 
 
এসব তথ্য দিয়ে তারা ভুক্তভোগীর নকল ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট তৈরি করে। পরে তা ব্যবহার কর হয় নানা অপরাধমূলক কর্মকাণ্ডে। অপরাধীদের গ্রেফতারের পরপরই জেনেসিস মার্কেটের ওয়েবসাইটটির নিয়ন্ত্রণ নেয় আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী। এছাড়া অনলাইন প্রতারকদের বিরুদ্ধে বৈশ্বিক এ অভিযানের নাম দেয়া হয়েছে অনলাইন কুকি মনস্টার।
 
এদিকে, বুধবার (৫ এপ্রিল) জেনেসিসের ওয়েবসাইটে ঢুকে দেখা যায়, আগের কিছু নেই এবং সেখানে লেখা অনলাইন কুকি মনস্টার। একইসঙ্গে জেনেসিসের ওয়েবসাইট জব্দ করার পর সেখানে একটি পোর্টাল চালু করেছে ডাচ পুলিশ। সেখানে যে কেউ জানতে পারবেন, তার তথ্য হাতিয়ে নেয়া হয়েছে কি না।

 

 

কিউটিভি/আয়শা/০৬ এপ্রিল ২০২৩,/রাত ১১:৩৩

▎সর্বশেষ

ad