জীবনের প্রথম স্কুলে গেল ইউভান, ছবি শেয়ার করলেন শুভশ্রী

Ayesha Siddika | আপডেট: ০৬ এপ্রিল ২০২৩ - ০৪:৫৬:২৪ পিএম

বিনোদন ডেস্ক : জীবনের প্রথম পদক্ষেপে পা দিল ইউভান। স্কুলে গেল এই খুদে। স্কুলে যাওয়ার মুহূর্তের ছবি ইনস্টা স্টোরিতে শেয়ার করেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। দু-বছরে পা দিয়েছে ইউভান। এই বয়সেই বাবা রাজ চক্রবর্তীকে নকল করে অ্যাকশন কাট বলতে শিখে গেছে সে, সেই কথা রাজ-শুভশ্রী একাধিকবার বলেও থাকেন।

রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায় দুজনেই এ মুহূর্তে তাদের ছবির কাজে ব্যস্ত। সদ্যই রাজ শুটিং শেষ করলেন প্রলয় ফ্র্যাঞ্চাইজির নতুন সিরিজ ‘আবার প্রলয়’-এর। যেখানে শাশ্বত চট্টোপাধ্যায় আসছেন এক্কেবারে নতুন লুকে। সুন্দরবনে সিরিজের শুটিংয়েও একাধিকবার দেখা গিয়েছে ইউভানকেও। কখনো রাজের কোলে কখনো আবার মনিটরের সামনে।

এদিকে শুভশ্রী গঙ্গোপাধ্যায় অভিনীত ‘ইন্দুবালা ভাতের হোটেল’-এর পোস্ট প্রোমোশনও প্রায় শেষ। ওয়েবে শুভশ্রীর প্রথম এই কাজ পছন্দ করেছে দর্শক। এই চরিত্রটিও শুভশ্রীর জীবনের অন্যতম সেরা একটি চরিত্র। সমালোচনা, প্রশংসা সবটা মিলিয়ে ‘ইন্দুবালা ভাতের হোটেল’-এর ট্রিটমেন্ট পছন্দ করেছে দর্শক। তবে রাজ-শুভশ্রী দুজনে যতই ব্যস্ত থাকুক না কেন, সময় পেলেই ইউভানের সঙ্গে কোয়ালিটি টাইম কাটান তারা। আর সেই মুহূর্তগুলো ফ্রেমবন্দি করে রাখতেও ভোলেন না।

 

 

কিউটিভি/আয়শা/০৬ এপ্রিল ২০২৩,/বিকাল ৪:৫৪

▎সর্বশেষ

ad