
স্পোর্টস ডেস্ক : দলের পারফরম্যান্স ভালো না হওয়ায় বছর দুয়েক আগে ফ্রাঙ্ক ল্যাম্পার্ডকে কোচের পদ থেকে ছাঁটাই করেছিল চেলসি। স্টামফোর্ড ব্রিজের দলটি নিজেদের ইতিহাসের অন্যতম সেরা তারকাকে আবারও কোচ হিসেবে ফেরাতে যাচ্ছে। এ মৌসুমে চেলসির পারফরম্যান্স খুবই নাজুক। গত রবিবার গ্রাহাম পটারকে বরখাস্ত করেছে তারা। আপাতত দলটির ডাগআউট ফাঁকা। আর সেই খালি পদেই ল্যাম্পার্ডকে ফেরানো হচ্ছে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে, এ মৌসুমের বাকি সময়টা কাজ করার জন্য। ইংল্যান্ডের সংবাদমাধ্যমগুলো এমন তথ্যই্ দিচ্ছে।
পটার ছাঁটাই হওয়ার পর মঙ্গলবার লিভারপুলের বিপক্ষে খেলেছে চেলসি। প্রিমিয়ার লিগের ম্যাচটি ড্র হয়। সেই ম্যাচে পটারের কোচিং দলের সদস্য ব্রুনো স্যালটর কোচের দায়িত্ব পালন করেছিলেন। শনিবার প্রিমিয়ার লিগে উলভারহ্যাম্পনের বিপক্ষে খেলবে চেলসি। সেই ম্যাচেই চেলসির অন্তবর্তী কোচ হিসেবে দেখা যেতে পারে ল্যাম্পার্ডকে।
আগামী ১২ এপ্রিল চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচ চেলসির। সেই ম্যাচে চেলসি কি করে সেটা দেখার। তবে প্রিমিয়ার লিগে খুবই করুন হাল দলটির। টেবিলে তাদের অবস্থান ১১তম। লিগের সেরা চার থেকে এখনও ১৪ পয়েন্ট দূরে তারা।
কিউটিভি/আয়শা/০৬ এপ্রিল ২০২৩,/দুপুর ২:০৫






