লিটনের নেতৃত্বে উইকেট সাফল্য

Ayesha Siddika | আপডেট: ০৬ এপ্রিল ২০২৩ - ০২:০১:১৫ পিএম

স্পোর্টস ডেস্ক : ‘তামিম ভাই একটু পেছনে থাকেন, মিরাজ খাড়া সিমে একটা বল করত… টিজে ভাই, খালেদ ঠিক আছে কিনা দেখে নেন।’- স্ট্যাম্প মাইক থেকে এভাবেই একের পর এক লিটন দাসের কথা ভেসে আসতে থাকে। এর কারণ আয়ারল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্টের তৃতীয় দিন এক পর্যায়ে মাঠে নেতৃত্ব দিচ্ছিলেন লিটন। উইকেটের পেছনে তাই একটু বেশিই সরব ছিলেন তিনি।

এমনিতেও টেস্টের সহ-অধিনায়ক এই উইকেটরক্ষক ব্যাটার। সাকিব লাঞ্চের পর মাঠে নেমে আবার ড্রেসিংরুমে বিশ্রামের জন্য ফিরে যাওয়ায় নেতৃত্ব দেন তিনি। সাকিব মাঠে ফিরেছেন ৬০ তম ওভারে। কিন্তু সঙ্গে সঙ্গে বল হাতে নিতে পারবেন না। যতটুকু সময় বাইরে ছিলেন, ওই সময় তার বল করার নিয়ম নেই।

তার অনুপস্থিতিতে লিটনের বোলিং চেঞ্জ কাজে দিয়েছে। ৫৭ তম ওভারের প্রথম বলে তাইজুলের বলে প্যাডল সুইপ করতে গিয়ে এলবিডব্লিউ হন হ্যারি টেক্টর। তার ৫৬ রানে বিদায়ে ৭২ রানের জুটি ভাঙে। ২৪ ওভার পর উইকেটের দেখা পায় বাংলাদেশ। এই প্রতিবেদন লেখার সময় আয়ারল্যান্ডে স্কোর ৬১ ওভারে ১৪১/৬। লরকান টাকার ৪৮ ও অ্যান্ড্রু ম্যাকব্রাইন ১০ রান নিয়ে ব্যাট করছেন। এখনও আইরিশরা পিছিয়ে ১৪ রানে। প্রথম ইনিংসে আইরিশদের ২১৪ রানের জবাবে বাংলাদেশ করে ৩৬৯ রান।

 

 

কিউটিভি/আয়শা/০৬ এপ্রিল ২০২৩,/দুপুর ২:০০

▎সর্বশেষ

ad