বিশ্বকাপেও অনিশ্চিত উইলিয়ামসন!

uploader3 | আপডেট: ০৬ এপ্রিল ২০২৩ - ১২:১৯:০৮ পিএম

স্পোর্টস ডেস্ক : আইপিএলের জন্য শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ থেকে ছুটি নিয়েছিলেন কেন উইলিয়ামসন। কিন্তু ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগটির উদ্বোধনী ম্যাচেই চোট পান নিউজিল্যান্ড অধিনায়ক। যে চোটে ৬ মাস পর হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপ থেকেই ছিটকে যাওয়ার শঙ্কায় ফেলেছে তাকে।

যদিও উইলিয়ামসন নিজে আশা ছাড়ছেন না, ‘এমন চোটে পড়া স্বাভাবিকভাবেই হতাশাজনক। আপাতত আমার মনোযোগ অস্ত্রোপচার করানো এবং পুনর্বাসন শুরু করা।’

চেন্নাই ‍সুপার কিংসের বিপক্ষে বাউন্ডারি লাইনে ফিল্ডিংয়ের সময় চোট পান গুজরাট টাইটান্সের উইলিয়ামসন।

এন্টিরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) ছিঁড়ে যাওয়া অস্ত্রোপচার লাগবে তার। আপাতত হাঁটু ফুলে আছে। ফোলা কমলে অস্ত্রোপচার করাবেন। এরপর পুনর্বাসন শেষে তার ফিরতে ৬ মাস লেগে যেতে পারে। আগামী ৫ অক্টোবর থেকে ভারতে শুরু হতে যাওয়া আসরে তাই তাকে দেখা যাবে কিনা সেই প্রশ্ন উঠে যাচ্ছে জোরালো ভাবে।

সবশেষ দুটি বিশ্বকাপেই (২০১৫ ও ২০১৯) ফাইনালে খেলে নিউজল্যান্ড। দুই আসরেই দারুণ পারফরম্যান্স ছিল উইলিয়ামসনের। সবশেষ আসরে নেতৃত্বেও ছিলেন তিনি। তার চোটে তাই কিউই কোচ গ্যারি স্টেডের কণ্ঠেও হতাশা, ‘এটা আমাদের পরিকল্পনায় বড় একটা আঘাত। আমরা এখনও আশা ছাড়িনি, তবে এই মুহূর্তে সম্ভাবনা নেই বললেই চলে।’

উইলিয়ামসন বলছেন, ‘যত দ্রুত সম্ভব মাঠে ফেরার জন্য সম্ভাব্য সবকিছুই আমি করব।’ কিউই তারকা শেষ পর্যন্ত না খেলতে পারলে বিশ্বকাপের আকাশ থেকে বড় এক তারাই খসে পড়বে বলতে হয়।

কিউটিভি/অনিমা/০৬ এপ্রিল ২০২৩,/দুপুর ১২:১৮

▎সর্বশেষ

ad