
আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার আগ্রাসনের কারণে ইউক্রেনে মানবাধিকার পরিস্থিতির বিষয়ে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের (ইউএনএইচআরসি) একটি প্রস্তাবে বাংলাদেশসহ ১৬ দেশ ভোটদানে বিরত রয়েছে।
ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগ তদন্তের মেয়াদ আরও এক বছর বাড়ানোর জন্য মঙ্গলবার এ ভোটাভুটি হয়।
প্রস্তাবটি আর্জেন্টিনা, বেলজিয়াম, বেনিন, চিলি, কোস্টারিকা, আইভরি কোস্ট, চেক প্রজাতন্ত্র, ফিনল্যান্ড, ফ্রান্স, গাম্বিয়া, জর্জিয়া, জার্মানি, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, মালাবি, মালয়েশিয়া, মালদ্বীপ, মেক্সিকো, মন্টেনিগ্রো, নেপাল, প্যারাগুয়ে, কাতার, রোমানিয়া, সোমালিয়া, ইউক্রেন, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রসহ ২৮টি দেশের ভোটে গৃহীত হয়।
প্রস্তাবে মানবাধিকার কাউন্সিল রাশিয়াকে ‘অবিলম্বে ইউক্রেনে তার মানবাধিকার লংঘন ও নির্যাতন এবং আন্তর্জাতিক মানবিক আইন লংঘন বন্ধ করার’ আহ্বান জানানো হয়।
এটি সমস্ত মানবাধিকার ও মৌলিক স্বাধীনতা কঠোরভাবে পরিপালন এবং ইউক্রেনের বেসামরিক নাগরিক ও গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামো সুরক্ষারও আহ্বান জানিয়েছে। (বাসস)






