
বিনোদন ডেস্ক : ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমার জন্য প্রথমবার সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন বাঁধন। পুরস্কার গ্রহণ শেষে বাঁধন বলেন, ‘অবশেষে ১৭ বছর পর আমি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি। এত বছর পর পরিবারের সবাইকে গর্বিত করতে পেরেছি। অনেক প্রতিবন্ধকতা পার করতে হয়েছে। তবে আমি আশা করেছিলাম ‘রেহানা মরিয়ম নূর’ বাংলাদেশে আরো বেশি সম্মানিত হবে। কিন্তু এরপরও এত বড় পুরস্কার আমার জন্য অনেক কিছু। এর পুরো কৃতিত্ব আমার পরিচালক আবদুল্লাহ মুহাম্মদ সাদকে দিতে চাই। রেহানা নিয়ে এত এত পুরস্কার পাচ্ছি, তবুও বুঝতে পারছি না পুরস্কার কতটুকু দায়বদ্ধতা বাড়ায়। যেকোনো কাজ জিরো থেকে শুরু করতে চাই। যখন যেটা শুরু করব নতুন করে শুরু করব।
এবারের আসরে আজীবন সম্মাননা পেয়েছেন অভিনেত্রী ডলি জহুর ও অভিনেতা ইলিয়াস কাঞ্চন। দ্বিতীয়বারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন হালের জনপ্রিয় নায়ক সিয়াম আহমেদ। ‘মৃধা বনাম মৃধা’ সিনেমার জন্য ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২১’-এ যৌথভাবে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন তিনি।
পুরস্কার প্রদান শেষে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘যারা পুরস্কার পেয়েছেন, তাদের আন্তরিক শুভেচ্ছা। এটা আমাদের স্বাধীনতার মাস। এই দেশের অভ্যুত্থানের সঙ্গে মার্চ অত্যন্ত গভীরভাবে মিশে আছে। ১৭ মার্চ জাতির পিতার জন্মদিন, ৭ মার্চ তার ঐতিহাসিক ভাষণ, ২৬ মার্চ আমাদের স্বাধীনতা দিবস–এই মাসে আপনাদের সামনে আসতে পেরে আমি আনন্দিত। বঙ্গবন্ধু শুধু আমাদের স্বাধীনতা দিয়ে যাননি, আজ যে সিনেমা শিল্প গড়ে উঠেছে, এর সূচনা করেছিলেন তিনি।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘করোনা মহামারির সময়ও আমরা পুরস্কার স্থগিত রাখিনি। কম সংখ্যক ছবি মুক্তি পেয়েছিল। অনেকে বলেছিল, ওই বছর পুরস্কার না দিলে ভালো হয়। কিন্তু প্রধানমন্ত্রী পরামর্শ দিয়েছিলেন, দিতে হবে। যারা এই পরিস্থিতির মধ্যে ঝুঁকি নিয়েছে, কাজ করেছে, তাদের উৎসাহ দেয়ার জন্য পুরস্কার দিতে হবে।’
কিউটিভি/আয়শা/১০ মার্চ ২০২৩,/বিকাল ৪:৩৫






