কিশোর কুমারের বায়োপিকে রণবীর

Ayesha Siddika | আপডেট: ২৭ ফেব্রুয়ারী ২০২৩ - ০৫:৪৩:০০ পিএম

বিনোদন ডেস্ক : প্রয়াত অভিনেতা কিশোর কুমারের জীবনী নিয়ে নির্মিত হতে যাচ্ছে সিনেমা। আর এতে নাম ভূমিকায় অভিনয় করবেন রণবীর কাপুর। এমনটাই জানালেন অভিনেতা নিজে। তবে শোনা গিয়েছিল সৌরভ গাঙ্গুলির বায়োপিকে অভিনয় করবেন তিনি কিন্তু সেটি আর হচ্ছে না। মুক্তির অপেক্ষায় থাকা ‘তু ঝুঠি ম্যায় মাক্কার’ এর প্রচারের জন্য কলকাতায় এসেছিলেন ‘রকস্টার’ অভিনেতা। সেখানেই রবিবার একটি ইভেন্টে বিখ্যাত ব্যক্তির বায়োপিকে কাজ করা নিয়ে কথা বলেন রণবীর।

সেখানে অভিনেতাকে বলতে শোনা যায়, ‘আমার মনে হয় সৌরভ দাদা শুধুমাত্র ভারতেরই জীবন্ত কিংবদন্তি নন, তিনি পুরো পৃথিবীর কাছেই তাই। উনার বায়োপিক ভীষণ স্পেশাল হবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমার কাছে এই ছবির অফার আসেনি। আমার মনে হয় এই ছবির স্ক্রিপ্ট নিয়ে এখনও কাজ চলছে।’

অন্যদিকে কিশোর কুমারের বায়োপিকের বিষয়ে তিনি বলেন, ‘আমি গত ১১ বছর ধরে কিশোর কুমারের বায়োপিক নির্মাণ নিয়ে কাজ করছি। অনুরাগ বসুর সঙ্গে লেখার কাজে যুক্ত আছি। আশা করছি, এটাই আমার পরবর্তী বায়োপিক হবে, যেখানে আমি অভিনয় করব। কিন্তু আমি এখনও দাদার উপর যে বায়োপিক হচ্ছে, সে বিষয়ে কিছু শুনিনি।’

 

 

কিউটিভি/আয়শা/২৭ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৫:৪০

▎সর্বশেষ

ad