
বিনোদন ডেস্ক : জানা গেছে, গত বছর থেকে অভিনেতা-প্রযোজক আশিষ শর্মার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন বরখা সেনগুপ্ত। বরখা ব্যক্তিগত জীবন নিয়ে কারো সঙ্গে কথা বলতে চান না। সব রকম প্রচার থেকেও দূরে থাকেন। বিশেষ করে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কথা বলতে পুরোপুরি নারাজ। তবে আশিষ-বরখা একসঙ্গে বাইরে ঘুরতে বের হতে মোটেও লজ্জাবোধ করেন না। প্রথমে তাদের মাঝে বন্ধুত্ব তৈরি হয়, তারপর তা প্রেমে রূপ নেয়।
গত ২০ ফেব্রুয়ারি আশিষ শর্মার জন্মদিন ছিল। এ উপলক্ষে বাড়িতে পার্টির আয়োজন করেছিলেন তিনি। তাতে উপস্থিত ছিলেন বরখা। বিভিন্ন পার্টিতে একসঙ্গে যোগ দেয়া ও নাচতেও দেখা যায় এই জুটিকে। যদিও বরখা সেনগুপ্ত এখনও তার নামের সঙ্গে স্বামীর উপাধি ব্যবহার করছেন। গত বছরের জুলাই মাসে ওটিটিপ্লের সঙ্গে আলাপকালে বরখা সেনগুপ্ত জানান, এখনও স্বামীর উপাধি তার নামের সঙ্গে ব্যবহার করছেন। কারণ, কাগজপত্রে তারা এখনও স্বামী-স্ত্রী। যতদিন বিবাহিত থাকবেন, ততদিন এটি ব্যবহার করবেন। আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদ হলে নাম পরিবর্তন করবেন।
বরখা সেনগুপ্ত ভারতীয় টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেত্রী হিসেবেই বেশি পরিচিত। ‘রাজনীতি’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন তিনি। এতে একটি গানে দেখা যায় এ অভিনেত্রীকে। বলিউডের ‘রামলীলা’ ও ‘স্মার্ট অ্যান্ড কোং’ সিনেমায় অভিনয় করেন তিনি। এ ছাড়া কলকাতার ‘দুই পৃথিবী’, ‘আমি সুভাষ বলছি’, ‘ব্ল্যাক’সহ বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন এ অভিনেত্রী। অন্যদিকে মডেলিংয়ের মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন ইন্দ্রনীল সেনগুপ্ত। পরবর্তী সময়ে টিভি সিরিয়ালে অভিনয় শুরু করেন। ২০০৪ সালে হিন্দি ভাষার ‘শুকরিয়া: টিল ডেথ ডু আস অ্যাপার্ট’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন। ২০০৯ সালে ‘অংশুমানের ছবি’ সিনেমার মাধ্যমে টালিউড চলচ্চিত্রে পা রাখেন। পরবর্তী সময়ে খল চরিত্রে অভিনয় করে দারুণ খ্যাতি কুড়ান এ অভিনেতা। ২০১২ সালে বাংলাদেশের ‘চোরাবালি’ সিনেমায় দেখা যায় তাকে।
কিউটিভি/আয়শা/২৩ ফেব্রুয়ারী ২০২৩/বিকার ৫:৫৪






