ইতিহাস গড়তে যাচ্ছেন পেসার বুমরা

Ayesha Siddika | আপডেট: ০১ জুলাই ২০২২ - ১১:৪৬:৫৮ এএম

স্পোর্টস ডেস্ক : শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করেও পাওয়া গেল না রোহিত শর্মাকে। এজবাস্টন টেস্ট থেকে ছিটকে গেলেন তিনি। দ্বিতীয়বারের করোনা টেস্টেও নেগেটিভ হননি এই ক্রিকেটার। অর্থাৎ তার অনুপস্থিতিতে ভারত দলকে নেতৃত্ব দেবেন পেসার জাসপ্রিত বুমরা। ঋষভ পন্থ সহ-অধিনায়ক। শুক্রবার বিকাল সাড়ে ৩টায় ইংল্যান্ড দলের অধিনায়ক জস বাটলারের সঙ্গে টস করতে দেখা যাবে বুমরাকে।

আর এরই সঙ্গে ছেলেদের টেস্টে ভারতকে নেতৃত্ব দেওয়া ৩৬তম খেলোয়াড় হতে যাচ্ছেন বুমরা। পাশাপাশি ইতিহাসও গড়তে যাচ্ছেন ভারত দলের মূল পেসার। প্রথম বিশেষজ্ঞ ফাস্ট বোলার হিসেবে ভারতকে টেস্টে নেতৃত্ব দিতে যাচ্ছেন বুমরা। এর আগে পেসার হিসেবে ভারতকে নেতৃত্ব দিয়েছেন কপিল দেব (৩৪ টেস্ট), লালা অমরনাথ (১৫ টেস্ট), বিজয় হাজারে (১৪ টেস্ট) ও গুলাব্রাই রামচাঁদ (৫ টেস্ট)। তবে তাদের সবাই ছিলেন মূলত অলরাউন্ডার।

৩৫ বছর পর আজ পেসারের অধীনে টেস্ট খেলবে ভারত। সবশেষ ১৯৮৭ সালে পেসার কপিল দেবের নেতৃত্বে টেস্ট খেলেছে ভারত। বুমরার অবশ্য কোনো পর্যায়ের ক্রিকেটেই সেভাবে নেতৃত্বের অভিজ্ঞতা নেই। এর আগে প্রথম শ্রেণির কোনো ম্যাচে দেশকে নেতৃত্ব দেননি তিনি। তবে শ্রীলংকা সিরিজে ভারতের সহ-অধিনায়ক ছিলেন। সে সময় অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন করা হলে বুমরা বলেছিলেন, ‘যদি যেকোনো দৃশ্যপটে সুযোগ দেওয়া হয়, আমার জন্য সেটি সম্মানের হবে। কখনোই পিছপা হব না, তবে এমন নয় যে এর পেছনে ছুটব আমি।’

এবার দেখার বিষয় শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে ৫ দিনের টেস্টে কেমন নেতৃত্ব দেন বুমরাহ। প্রসঙ্গত, করোনার কারণে গত বছরের সেপ্টেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে একেবারে শেষ মুহূর্তে ম্যানচেস্টার টেস্ট বাতিল হয়ে যায়। ৫ ম্যাচের টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে ছিল ভারত। বাতিল হওয়া ম্যানচেস্টার টেস্ট ১ জুলাই শুরু হবে বার্মিংহ্যামের এজবাস্টন ক্রিকেট গ্রাউন্ডে।

 

 

কিউটিভি/আয়শা/০১ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সকাল ১১:৪৪

▎সর্বশেষ

ad