
ডেস্ক নিউজ : আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দিনেশ কার্তিকের অভিষেক হয়েছিল ২০০৬ সালে। ১৬ বছর পরে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম ফিফটির দেখা পেলেন এই ভারতীয় উইকেটরক্ষক-ব্যাটার। সেই ফিফটির সঙ্গে কার্তিক গড়লেন অনন্য এক নজির, টপকে গেলেন মহেন্দ্র সিংহ ধোনিকে।
৩৭ বছর ১৬ দিন বয়সে টি-টোয়েন্টিতে অর্ধশতরান করেছেন কার্তিক। ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি বয়সে অর্ধশতরানের নজির গড়েছেন তিনি। এতোদিন সেই নজির ছিল ধোনির দখলে। ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩৬ বছর ২২৯ দিন বয়সে অর্ধশত হাঁকিয়েছিলেন ধোনি। ২০০৭ সালে ভারতের যে দল টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল সেই দলের সদস্য ছিলেন কার্তিক। তিনি ছাড়া ভারতের সেই দলের সবাই অবসর নিয়েছেন। বুড়ো হলেও রানের খিদে কমেনি কার্তিকের। গতকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দলের প্রয়োজনের সময় জ্বলে উঠেন তিনি।
তাঁর ২৭ বলে ৫৫ রানের কল্যাণেই ভালো সংগ্রহ পায় ভারত। চতুর্থ টি-টোয়েন্টি জিতে ভারত সিরিজে সমতাও এনেছে। কার্তিক হয়েছেন ম্যাচসেরা। ম্যাচ শেষে কার্তিক বলেন, ‘বয়সের কথা বললেই নিজেকে কেমন বুড়ো বলে মনে হয়। আমি বিভিন্ন প্রজন্মের সঙ্গে খেলেছি। কিন্তু এখনো রানের খিদে কমেনি। শারীরিকভাবে ভালো জায়গায় আছি। তাই খেলছি। ’
কিউটিভি/আয়শা/১৮.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:০০






