
স্পোর্টস ডেস্ক : সাবেক তারকাদের অবসর ভাতা দ্বিগুণ করল ভারতীয় ক্রিকেট কাউন্সিল (বিসিসিআই)। আগামী পাঁচ বছরের জন্য রেকর্ড মূল্যে বিক্রি হলো আইপিএলের টিভিস্বত্ব। আইপিএল থেকে রেকর্ড আয়ের পরই সাবেকদের ভাতা দ্বিগুণ করার সিদ্ধান্ত নেয় ভারতীয় ক্রিকেট বোর্ড। চলতি মাস থেকেই নতুন কাঠামো অনুযায়ী অবসর ভাতা পাবেন ভারতের সাবেক পুরুষ ও নারী ক্রিকেটার এবং আম্পায়াররা।
আগে ভারতের সাবেক প্রথম শ্রেণির ক্রিকেটাররা মাসে ১৫ হাজার রুপি পেতেন, এখন তারা পাবেন ৩০ হাজার রুপি করে। সাবেক টেস্ট খেলোয়াড়রা আগে পেতেন ৩৭ হাজার ৫০০ রুপি। এখন পাবেন ৬০ হাজার রুপি৷ যাদের আগে অবসর ভাতা ছিল ৫০ হাজার রুপি, এখন তাদের দেওয়া হবে ৭০ হাজার রুপি করে। আগে যেসব নারী ক্রিকেটার ৩০ হাজার রুপি পেতেন তারা এখন ৫২ হাজার ৫০০ রুপি পাবেন। ২০০৩ সালের আগে অবসর নেওয়া প্রথম শ্রেণির ক্রিকেটাররা যারা এত দিন ২২ হাজার ৫০০ রুপি পেয়েছেন, এখন তারা পাবেন ৪৫ হাজার রুপি।
অবসর ভাতা বাড়ানোর ঘোষণা দিয়ে বিসিসিআই সেক্রেটারি জয় শাহ বলেছেন, সাবেক ক্রিকেটার ও আম্পায়ারদের পেনশন বাড়ানোর ঘোষণা দিতে পেরে আমি খুবই আনন্দিত। প্রায় ৯০০ মানুষ এর সুবিধা পাবেন। এর মধ্যে প্রায় ৭৫ শতাংশ মানুষ প্রায় ১০০ শতাংশ বাড়তি পেনশন পাবেন। এ ব্যাপারে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলী বলেন, আমাদের সাবেক ক্রিকেটার, আম্পায়াররা যেন আর্থিক দিক থেকে ভালো থাকেন, সেই বিষয়ে খেয়াল রাখা জরুরি। তারাই আমাদের লাইফলাইন এবং বোর্ড হিসেবে তাদের খেলোয়াড়ি জীবনের পর যত্ন নেওয়া আমাদের দায়িত্ব।
কিউটিভি/আয়শা/১৪.০৬.২০২২ খ্রিস্টাব্দ/রাত ৯:২৪






