
স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলঙ্কা সিরিজে চরম ব্যর্থতার পর মুমিনুল হকের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠে গেছে। বিশেষজ্ঞদের মতে, নেতৃত্বের জন্য মুমিনুল ঠিকঠাক ব্যাটিং করতে পারছেন না। গত বছর পাকিস্তান সিরিজ থেকে শুরু করে সর্বশেষ ১৫ ইনিংসে মাত্র তিনবার যেতে পেরেছেন দুই অঙ্কে। তাই দেশের সেরা টেস্ট ব্যাটার মুমিনুলকে ফিরে পেতে তাকে নেতৃত্ব থেকে সরানোর পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
আজ মঙ্গলবার সন্ধ্যায় এ বিষয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসানের বাসায় সভা অনুষ্ঠিত হবে। গুঞ্জন শোনা যাচ্ছে, সাকিব আল হাসানকে টেস্ট ক্যাপ্টেন্সির দায়িত্ব দেওয়া হতে পারে। সাকিব নাকি ইতোমধ্যেই বিসিবি কর্মকর্তাদের কাছে ‘মৌন সম্মতি’ দিয়েছেন। যদিও গত কয়েক বছর ধরে তিনি এই ফরম্যাটে নিয়মিত নন। তার টেস্ট খেলা না খেলা নিয়ে প্রবল সমালোচনা হয়েছে। সাকিবকে দায়িত্ব দেওয়ার আগে মুমিনুলকেই বলতে হবে, তিনি আর অধিনায়ক থাকতে চান না।
তবে মুমিনুলের ওপর এখনই এতটা চাপ সৃষ্টি করছে না বিসিবি। মুমিনুল যদি আরও একটি সুযোগ চান, তাহলে আসন্ন উইন্ডিজ সিরিজে তাকে সেই সুযোগ দেওয়া হবে। আরও আগেই মুমিনুলকে অধিনায়ক করে উইন্ডিজ সিরিজের দলও ঘোষণা হয়ে গেছে। সেই সিরিজে ভালো করতে না পারলে মুমিনুলকে সরিয়ে দেবে বিসিবি। গতকাল বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুসও বলেছেন, ‘মুমিনুল যদি বলে, আমাকে আরও একটি সুযোগ দেন, তাহলে আমরা না করতে পারব না। ‘
কিউটিভি/আয়শা/৩১.০৫.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:০৮






