
ডেস্ক নিউজ : যে প্রত্যাশা নিয়ে ইডেন হ্যাজার্ডকে দলে ভিড়িয়েছিল রিয়াল মাদ্রিদ তাঁর ছিটেফোঁটাও পূরণ করতে পারেননি বেলজিয়ান এই ফরোয়ার্ড। তিন বছর স্প্যানিশ ক্লাবটিতে থাকলেও নামের প্রতি সুবিচার করতে পারেননি ৩১ বছর বয়সী এই ফুটবলার। অধিকাংশ সময় ইনজুরির কারণে মাঠের বাইরে থাকা হ্যাজার্ড জানালেন সামনের মৌসুমে নিজের সবকিছু দিতে চান। পরশু লিভারপুলকে ১-০ ব্যবধানে হারিয়ে রেকর্ড ১৪তম বারের মত ইউরোপ সেরার মুকুট পড়েছে রিয়াল মাদ্রিদ।
রিয়ালের এই সাফল্যে তেমন অবদান রাখতে পারেননি হ্যাজার্ড। অফ ফর্ম ও ইনজুরির কারণে তিন বছরে রিয়ালের জার্সিতে খেলেছেন মোটে ৬৬ ম্যাচ। গোল করেছেন মাত্র ছয়টি। প্যারিস থেকে শিরোপা জিতে স্পেনে ফিরে মাদ্রিদের সিবেলেস স্কয়ারে এসেছিল রিয়াল মাদ্রিদের পুরো দল। সেখানেই হাজারো রিয়াল সমর্থকদের উপস্থিতিতে শিরোপা উদযাপন করেছে রিয়ালের খেলোয়াড়রা। একে একে মঞ্চে উঠে নিজেদের অভিব্যক্তি প্রকাশ করেছেন মার্সেলো,মদরিচ, সেবাওস, বেনজিমা, রদ্রিগো, ভিনিসিয়ুসরা। এরপরে আসেন ইডেন হ্যাজার্ড। সমর্থকদের জানালেন, আগামী মৌসুমে নিজের সবটুকু মাঠে দিতে চান তিনি,’রিয়াল মাদ্রিদ সমর্থক, অনেক ইনজুরি ও অন্যকিছু নিয়ে এখানে আমি তিন বছর ধরে আছি কিন্তু সামনের বছর আমি আমার সবকিছু দিতে যাচ্ছি। ‘
গুঞ্জন উঠেছিল এ মৌসুমেই রিয়াল ছাড়ছেন হ্যাজার্ড কিন্তু ইনজুরি থেকে ফিরে নিজের উপর আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন এই বেলজিয়ান। যেকারণে রিয়ালেই থাকার মনোনিবেশ করেছেন তিনি। স্প্যানিশ ক্লাবটিও হ্যাজার্ডের স্পোর্টিং আচরণে সন্তুষ্ট।
কিউটিভি/আয়শা/৩০.০৫.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:০০






