নিঃসঙ্গ মুশফিকের আক্ষেপে শেষ বাংলাদেশের ইনিংস

Ayesha Siddika | আপডেট: ২৪ মে ২০২২ - ০৩:৩৭:৩৫ পিএম

ডেস্ক নিউজ : ৩৪৯ রানে নবম উইকেটের পতনের পর শেষ উইকেট জুটিতে আরও ১৬ রান যোগ করে অলআউট হয়ে গেছে বাংলাদেশ। কাশুন রাজিথার ওভারে একটি ডাবল নিতে গিয়ে রানআউট হয়ে গেছেন এবাদত। মুশফিকের কলেই দৌড়েছিলেন তিনি। বোলিং এন্ডে করুনারত্নের থ্রো থেকে বোলার রাজিথা নিজেই ভেঙে দেন উইকেট। ১৭৫ রানে অপরাজিত মুশফিক সঙ্গীর অভাবে পেলেন না ডাবল সেঞ্চুরি। 

লিটনের সঙ্গে রেকর্ড জুটি গড়ার পর বাংলাদেশের হয়ে একাই লড়ে গেছেন মুশফিকুর রহিম। একপ্রান্তে লিটন-মোসাদ্দেকরা সাজ ঘরে ফিরলেও মুশফিক তার ধৈর্য হারাননি। ধীরে ধীরে দলকে এগিয়ে নিয়ে গেছেন তিনি। ৩৫৫ বলে ২১ চারের মারে মুশফিক অপরাজিত থেকে গেছেন ১৭৫ রানে। মঙ্গলবার (২৪ মে) দ্বিতীয় দিনের শুরুতেই লিটন-মোসাদ্দেককে হারিয়ে ব্যাকফুটে চলে যায় বাংলাদেশ। লিটন ফেরেন ১৪১ রান করে। এদিকে ৯৮৭ দিন পর সাদা জার্সিতে ফিরেও শূন্য রানে আউট হয়েছেন মোসাদ্দেক। 

এরপর তাইজুলের সঙ্গে ৪৯ রানের জুটি করেন মুশফিক। তবে ফার্নান্দোর বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন তাইজুল। এরপর খালেদও ফিরে যান খাতা খোলার আগেই। এদিকে ৫ উইকেটে ২৭৭ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করা বাংলাদেশ প্রথম সেশনে ৪ উইকেট হারিয়ে করেছে ৮৪ রান। লঙ্কান দুই পেসারের কাছেই দিশেহারা হয়ে পড়ে বাংলাদেশের ব্যাটাররা। বাংলাদেশের ৯ উইকেটের সবকটি উইকেটই পেয়েছেন শ্রীলঙ্কার দুই পেসার। কাসুন রাজিথা নিয়েছেন ৫ উইকেট, যা তার টেস্ট ইতিহাসে প্রথম। আর অসিথা ফার্নান্দো নিয়েছেন ৪ উইকেট। 

এদিকে লিটন ও মুশফিকের জুটি গড়েছে এক রেকর্ড। ২০১৩ সালের মুশফিক-আশরাফুলের ২৬৭ রানের জুটিটা ছিল বাংলাদেশের টেস্টে তৃতীয় সর্বোচ্চ জুটি। তাদের সেই রেকর্ড ভেঙে এখন লিটন-মুশফিকের ২৭২ রানের জুটিটা জায়গা করে নিয়েছে তৃতীয় স্থানে। ২০১৭ সালে নিউজিল্যান্ডের মাটিতে মুশফিক-সাকিবের ৩৫৯ রানের জুটিটি রয়েছে এক নম্বরে।

 

 

কিউটিভি/আয়শা/২৪.০৫.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৩৪

▎সর্বশেষ

ad