অবনমন থেকে বেঁচে গেল এভারটন

Ayesha Siddika | আপডেট: ২০ মে ২০২২ - ১২:২৩:৪২ পিএম

স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে ক্রিস্টাল প্যালেসকে হারিয়ে দিলেই প্রিমিয়ার লিগে থেকে যাওয়া নিশ্চিত, এমন সমীকরণের ম্যাচে এভারটনের শুরুটা দুঃস্বপ্নের চেয়ে কোনো অংশে কম ছিল না। প্রথমার্ধের ২১ মিনিটে প্যালেসের ফরোয়ার্ড মাতেতা ও ৩৬ মিনিটে জর্ডান আইয়ুর লক্ষ্যভেদে ২-০ গোলে পিছিয়ে পড়ে এভারটন। তবে দারুণ প্রত্যাবর্তনের গল্প লেখে এভারটন। ৫৪ মিনিটে মাইকেল কিন, ৭৫ মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রিচার্লিসনের গোলে সমতায় ফেরে তারা। আর ম্যাচের শেষ বাঁশি বাজতে যখন আর মোটে মিনিট পাঁচেক বাকি, তখন প্যালেস বক্সের বাইরে ফ্রি-কিক পায় এভারটন। সেখান থেকে গোল করে দলকে অবনমন থেকে বাঁচান এভারটনের ইংলিশ স্ট্রাইকার ডমিনিক ক্যালভার্ট-লেউইন। আর তাতেই উচ্ছ্বাসে ফেটে পড়ে গুডিসন। ৩৭ ম্যাচ থেকে ৩৯ পয়েন্ট নিয়ে এখন টেবিলের ১৬ নম্বরে অবস্থানে করছে দলটি। 

ইংলিশ লিগের ১২৩ বছরের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক মৌসুম (১১৯) প্রথম বিভাগে কাটানো দল এভারটন। ১৯৯২ সালে প্রিমিয়ার লিগ শুরু হওয়ার পর থেকে যে ছয়টি ক্লাব এখন পর্যন্ত প্রতিটি মৌসুম খেলেছে, তার একটি এভারটন। ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুল, ম্যানচেস্টার ইউনাইটেড ও আর্সেনালের পরই সর্বোচ্চ লিগ শিরোপা জেতা দল এভারটন। ১৮৯০-৯১ মৌসুমে প্রথম লিগ শিরোপা জেতার পর এখন পর্যন্ত ৯ বার এই শিরোপা জিতেছে টফিসরা। যদিও ১৯৮৬-৮৭ মৌসুমের পর আর লিগ শিরোপা জেতা হয়নি তাদের। তবে ঐতিহ্যবাহী এই ইংলিশ ক্লাবটি এখন পর্যন্ত ইংল্যান্ডের শীর্ষ লিগে সবচেয়ে বেশ মৌসুম কাটিয়েছে, যা অন্য কোনো ক্লাব পারেনি।

 

 

কিউটিভি/আয়শা/২০.০৫.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:২২

▎সর্বশেষ

ad