বিশ্বকাপের আগে পাকিস্তান-নিউজিল্যান্ডের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ

Ayesha Siddika | আপডেট: ১৭ মে ২০২২ - ০৫:২৭:১১ পিএম

স্পোর্টস ডেস্ক : অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপের অষ্টম আসরের ঠিক আগে প্রস্তুতি ঝালিয়ে নিতেই নিউজিল্যান্ডের মাঠে একটি ত্রিদেশীয় সিরিজে অংশ নেবে বাংলাদেশ ও পাকিস্তান।  অস্ট্রেলিয়ার সাথে নিউজিল্যান্ডের কন্ডিশনের বেশ মিল রয়েছে। উপমহাদেশের দুই দল বাংলাদেশ ও পাকিস্তানের জন্য বিশ্বকাপের ভালো প্রস্তুতি হতে পারে এই ত্রিদেশীয় সিরিজ।

ত্রিদেশীয় এ সিরিজের আগে অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে বাংলাদেশ দল প্রস্তুতি ক্যাম্প করবে। সেখানে স্থানীয় দল রেডব্যাকের সাথে প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে টাইগারদের। সেই ক্যাম্প শেষ করেই ত্রিদেশীয় সিরিজ খেলতে নিউজিল্যান্ড যাবে টাইগাররা। বিশ্বকাপের আগে ৬ বা ৭ অক্টোবর শুরু হতে পারে ত্রিদেশীয় সিরিজ। ত্রিদেশীয় সিরিজ শেষে বাংলাদেশ চলে যাবে অস্ট্রেলিয়ায়।

এ ব্যাপারে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, বিশ্বকাপের আগে আমরা ১৬টিরও বেশি ম্যাচ খেলব। অনেক প্রস্তুতি হয়ে যাবে, এখনই আমাদের আলাদা ক্যাম্প লাগছে না। কারণ আমরা খেলার মধ্যেই আছি। বিশ্বকাপে যাওয়ার আগে আমরা অ্যাডিলেডে একটা ক্যাম্প করব, তারপর ত্রিদেশীয় সিরিজ খেলব নিউজিল্যান্ডে। অ্যাডিলেডে ৭-৮ দিন ক্যাম্প করে নিউজিল্যান্ডে চলে যাব। জালাল ইউনুস আরও বলেন, সিরিজটি সম্ভবত ক্রাইস্টচার্চে হবে। আরেক প্রতিপক্ষ সম্ভবত পাকিস্তান হবে। একে অপরের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে। প্রত্যেক দল অন্তত চারটি ম্যাচ খেলবে।

 

 

কিউটিভি/আয়শা/১৭.০৫.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:২৫

▎সর্বশেষ

ad