শরীফের অপসারণ নিয়ে ‘স্বাধীন অনুসন্ধান’ চাওয়ার রিট খারিজ

admin | আপডেট: ১৫ মার্চ ২০২২ - ০৩:৪৪:৪০ পিএম

ডেস্ক নিউজ : দুদক কর্মকর্তা শরীফ উদ্দিনের অপসারণ নিয়ে ‘স্বাধীন অনুসন্ধান’ চাওয়ার রিট আবেদনটি উত্থাপিত হয়নি বলে খারিজ হয়েছে। আজ মঙ্গলবার (১৫ মার্চ) অপসারণ চ্যালেঞ্জ করে হাইকোর্টে শরীফের রিট আবেদন খারিজ চাওয়ায় বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।  আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান।

রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। আইনজীবী শিশির মনির বলেন, ‘যেহেতু দুদকের কর্মকর্তা শরীফ নিজেই বাদী হয়ে রিট আবেদন দায়ের করেছেন সেহেতু আমাদের করা রিট আবেদন নট প্রেসড করা হয়েছে। ’‘অব্যাহতভাবে চাকরিবিধি লঙ্ঘন করার’ অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপসহকারী পরিচালক পদ থেকে শরীফ উদ্দিনকে অপসারণ এবং অপসারণের পর শরীফ উদ্দিনের পাল্টা অভিযোগে উদ্ভুত পরিস্থিতির স্বাধীন অনুসন্ধানের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়।  

গত ২৩ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের ১০ আইনজীবীর পক্ষে রিটটি করেন করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। বেশ কিছু অনিয়মের অভিযোগের তদন্ত করে আলোচনায় আসা দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপসহকারী পরিচালক শরীফ উদ্দিনকে চাকরি থেকে অপসারণ করা হয়। গত ১৬ ফেব্রুয়ারি  শরীফকে অপসারণের প্রজ্ঞাপন জারি করে দুদক কার্যালয়।

এদিকে দুর্নীতি দমন কমিশন (কর্মচারী) চাকরি বিধিমালা ২০০৮-এর ৫৪(২) বিধি এবং উপ-সহকারী পরিচালক পদ থেকে অপসারণের বৈধতা চ্যালেঞ্জ করে গত ১৩ মার্চ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট করেন মো. শরীফ উদ্দিন নিজেই। আগামী ১০ এপ্রিল এ রিট আবেদনটি শুনানির জন্য রেখেছেন হাইকোর্টের এই বেঞ্চ।

 

 

কিউটিভি/আয়শা/১৫ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৪৩

▎সর্বশেষ

ad