আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর সুমিতে যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া। সেখান থেকে দুই ধাপে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার কার্যক্রম সফলভাবে শেষ হয়েছে বলে জানিয়েছে কিয়েভ। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কার্যালয়ের উপপ্রধান কিরিলো টিমোশেঙ্কো জানান, প্রায় ৫ হাজার মানুষ ও ১ হাজারের বেশি ব্যক্তিগত গাড়ি ইতোমধ্যে নিরাপদ স্থানে পৌঁছানো হয়েছে।
বুধবার (৯ মার্চ) ভোরে নিজের টেলিগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা ফুটেজে টিমোশেঙ্কো দেখিয়েছেন, রাতের বেলা মানুষ সুমির একটি রেলস্টেশনে পৌঁছেছেন। তবে বিস্তারিত কিছু জানাননি তিনি। এছাড়া ফুটেজটিও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে বিবিসি। রুশ সীমান্তের কাছে অবস্থিত সুমি শহর। গত কয়েক দিন ধরে শহরটি ব্যাপকভাবে রুশ বোমা হামলার কবলে পড়ে। স্থানীয় কর্মকর্তারা দাবি করেছেন, রুশ বিমান হামলায় সোমবার একদিনেই সুমি শহরে তিন শিশুসহ ২২ জন নিহত হয়।
কিউটিভি/আয়শা/৯ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:২৫






