আন্তর্জাতিক ডেস্ক : বেলারুশের গোমেল শহরে রাশিয়ার প্রতিনিধিদের সঙ্গে আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, শান্তি আলোচনায় তিনি রাজি। তবে সেই আলোচনা বেলারুশে হতে পারবে না। খবর বিবিসির। জেলেনস্কি বলেন, বেলারুশ থেকে রাশিয়া হামলা চালাচ্ছে। তাই ওই দেশে শান্তি আলোচনা হতে পারে না। অন্য কোনো স্থানে এই আলোচনা হতে পারে।
এক ভিডিওবার্তায় তিনি বলেন, আমরা কথা বলতে চাই, আমরা যুদ্ধ শেষ করতে চাই। এর আগে, ক্রেমলিন জানায় যে, তার প্রতিনিধিদল বেলারুশের গোমেল শহরে ইউক্রেনের কর্মকর্তাদের সঙ্গে দেখা করতে প্রস্তুত এবং ইতোমধ্যে রাশিয়ার এক প্রতিনিধিদল গোমেলে পৌঁছে গেছে। এদিকে ইউক্রেনে হামলার চতু্র্থ দিনে আরেকটি গুরুত্বপূর্ণ শহর দখলে নিয়েছে রুশ সেনারা। এ ছাড়া দুটি শহর নিয়ন্ত্রণে রেখেছে।
কিউটিভি/আয়শা/২৭শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:০৫






