আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) দেশগুলো কুয়েতে একটি সামরিক কমান্ড সদর দপ্তর স্থাপনের অনুমোদন দিয়েছে। একই সঙ্গে সেখানে সামরিক বাহিনী মোতায়েনের অনুমোদন দিয়েছে।মঙ্গলবার (১০ নভেম্বর) পরিষদের মহাসচিব জাসেম মোহাম্মদ আল বুদাইউই এ তথ্য নিশ্চিত করেছে।
ছয় সদস্যবিশিষ্ট এই জোটের প্রতিরক্ষামন্ত্রীরা বাহরাইনে জিসিসি জয়েন্ট ডিফেন্স কাউন্সিলের ২৩তম অধিবেশনে মিলিত হয়েছেন। সেখানে তারা সামরিক সহযোগিতা এবং আঞ্চলিক নিরাপত্তা চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা করছেন।আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির পরিবর্তনশীল চ্যালেঞ্জগুলোর মোকাবিলায় সামরিক সমন্বয় জোরদার করা এবং সম্মিলিত প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির প্রচেষ্টার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জিসিসির এক বিবৃতিতে জানানো হয়েছে, বাহরাইনের রাজধানী মানামায় অনুষ্ঠিত ‘জয়েন্ট ডিফেন্স কাউন্সিল’-এর ২৩তম অধিবেশনে এই সিদ্ধান্ত অনুমোদিত হয়। বাহরাইনের প্রতিরক্ষা বিষয়ক মন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল আবদুল্লাহ বিন হাসান আল নুআইমির সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় জোটটির অন্য পাঁচটি সদস্য রাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রীরা অংশগ্রহণ করেন।
এই বৈঠকটি এমন এক সময়ে অনুষ্ঠিত হলো যখন আঞ্চলিক উত্তেজনা চরমে রয়েছে। এর মধ্যে রয়েছে সৌদি আরবের ওপর হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সামরিক সংঘাতের আশঙ্কা এবং হরমুজ প্রণালি দিয়ে সমুদ্রপথে চলাচল সংকুচিত হয়ে আসছে। জিসিসি মহাসচিব জাসেম মোহাম্মদ আল-বুদাইউই জোর দিয়ে বলেছেন, জিসিসি নেতারা যৌথ সামরিক সহযোগিতাকে অত্যন্ত গুরুত্ব দেন। তারা আঞ্চলিক নিরাপত্তা, স্থিতিশীলতা ও সার্বভৌমত্ব রক্ষায় নিজেদের সশস্ত্র বাহিনীর ভূমিকার কথা স্বীকার করেন।
আল-বুদাইউই জানান, সভার আলোচ্যসূচিতে সামরিক সহযোগিতা সম্প্রসারণ এবং সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে প্রতিরক্ষা সংহতি এগিয়ে নেওয়ার লক্ষ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অন্তর্ভুক্ত ছিল, তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।এর আগে ২৯ অক্টোবর মানামায় জিসিসিভুক্ত দেশগুলোর সশস্ত্র বাহিনীর প্রধানদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে সামরিক নেতারা আঞ্চলিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় প্রতিরক্ষা সহযোগিতা ও সমন্বয় জোরদার করার বিষয়ে আলোচনা করেছিলেন।
১৯৮১ সালে প্রতিষ্ঠিত জিসিসি ছয় সদস্যবিশিষ্ট একটি আঞ্চলিক সংস্থা। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন ও ওমান নিয়ে গঠিত এই জোটের লক্ষ্য হলো রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তা ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করা। জিসিসির ‘ইউনিফাইড মিলিটারি কমান্ড’-এর সদর দপ্তর রিয়াদে অবস্থিত। সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সম্মিলিত নিরাপত্তা জোরদার এবং প্রতিরক্ষা কার্যক্রম সমন্বয়ের প্রচেষ্টার অংশ হিসেবেই এটি প্রতিষ্ঠা করা হয়েছিল।
সূত্র: আনাদোলু এজেন্সি।
কিউটিভি/অনিমা/১০ নভেম্বর ২০২৬,/বিকাল ৪:৪৩
