বিনোদন ডেস্ক : বলিউডের চিরসবুজ সুন্দরী এবং বিশ্বমঞ্চে ভারতের অন্যতম পরিচিত মুখ ঐশ্বরিয়া রায় বচ্চন। আজ রোববার (০১ নভেম্বর) এই অভিনেত্রীর ৫৩তম জন্মদিন। অনুরাগী থেকে শুরু করে সহকর্মী—সকলের শুভেচ্ছায় ভাসছেন তিনি।
সৌন্দর্য প্রতিযোগিতা থেকে শুরু করে ভারতীয় সিনেমা—সবক্ষেত্রেই নিজের মুন্সিয়ানা দেখিয়ে ঘরে ঘরে পরিচিত মুখ হয়ে ওঠা ঐশ্বরিয়ার প্রায় তিন দশকের কর্মজীবন এক বর্ণাঢ্য যাত্রার নাম। অভিনয়ের পাশাপাশি একাধিক আন্তর্জাতিক ব্র্যান্ডের মুখ এবং নানা ব্যবসায়িক বিনিয়োগ মিলিয়ে তিনি এখন বিপুল সম্পত্তির মালিক।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঐশ্বরিয়ার মোট সম্পত্তির পরিমাণ ১০০ মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১,১৮০ কোটি টাকা (ভারতীয় মুদ্রায় সাড়ে ৯০০ কোটি রুপি) ছাড়িয়ে যায়। তার ২৮ বছরের দীর্ঘ ক্যারিয়ারে এই আয়ের পেছনে রয়েছে সিনেমা, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে চুক্তি এবং জোরালো বিজ্ঞাপনচিত্রের কাজ।
এ ছাড়া বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে ভারতীয় সিনেমার প্রতিনিধিত্ব করে তিনি বিশ্বজুড়ে নিজের অবস্থান পাকাপোক্ত করেছেন। ঐশ্বরিয়ার সাফল্যের পেছনে আন্তর্জাতিক প্রসাধনী সংস্থা লরিয়াল প্যারিসের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কেরও বড় ভূমিকা রয়েছে। তিনিই প্রথম ভারতীয় নারী, যিনি এই বিশ্বখ্যাত প্রসাধনী সংস্থার শুভেচ্ছাদূত হয়েছিলেন। পাশাপাশি, এক নামী সুইস ঘড়ি প্রস্তুতকারক সংস্থার সঙ্গেও যুক্ত রয়েছেন তিনি।
অন্যদিকে, স্বামী অভিনেতা অভিষেক বচ্চনও অভিনয়ের পাশাপাশি প্রযোজনা এবং বিভিন্ন ব্যবসায় যুক্ত রয়েছেন। বচ্চন পরিবারের রয়েছে একাধিক বিলাসবহুল সম্পত্তি। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও রয়েছে তাদের বাড়ি। এর মধ্যে দুবাইয়ের স্যাংচুয়ারি ফলসে তাদের ভিলার দামই প্রায় ১৬ কোটি রুপি! এ ছাড়া মুম্বাইয়ের বোরিভলী ও মালাডে তারকা দম্পতির একাধিক অ্যাপার্টমেন্ট রয়েছে।
বড়পর্দায় ঐশ্বরিয়াকে শেষ দেখা গিয়েছিল ২০২৩ সালে মণি রত্নমের ব্লকবাস্টার ছবি ‘পোনিয়িন সেলভান ২’-এ। বড় পর্দায় নিয়মিত না থাকলেও বিভিন্ন আন্তর্জাতিক অনুষ্ঠান, রেড কার্পেট এবং নামী দামি ব্র্যান্ডের বিজ্ঞাপনে তিনি এখনও সমানভাবে দ্যুতি ছড়িয়ে যাচ্ছেন। ৫৪ বছর বয়সেও তার এই আবেদন ও সাফল্য ভক্তদের মুগ্ধ করে চলেছে।
সূত্র: আনন্দবাজার ডটকম
আয়শা/০১ নভেম্বর ২০২৬,/সন্ধ্যা ৭:৪৪
