দেবের পরের ছবিতে জিৎ, নায়িকা হতে চান শুভশ্রী

Ayesha Siddika | আপডেট: ১০ অক্টোবর ২০২৬ - ১০:০৩:১৫ পিএম

বিনোদন ডেস্ক : দেবের পরিচালিত পরবর্তী ছবিতে কি দেখা যাবে জিৎকে? আর নায়িকা হিসেবে থাকবেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়? এমন সম্ভাবনার কথাই শোনা গেল ‘দেশু ৭’-এর ঝলক মুক্তির মঞ্চে। তবে দেবের পরের ছবিতে জিৎকে দেখা যাওয়ার বিষয়টি নির্ভর করছে একটি শর্তের ওপর।

গেল বৃহস্পতিবার (৮ অক্টোবর) নজরুল মঞ্চে মুক্তি পায় দেব পরিচালিত প্রথম ছবি ‘দেশু ৭’-এর ঝলক। ছবির নায়ক ও প্রযোজকও দেব নিজেই। এই বিশেষ অনুষ্ঠানে হাজির ছিলেন টালিউডের একাধিক তারকা। তাদের মধ্যে জিৎ-এর উপস্থিতি ঘিরেই নতুন করে শুরু হয় জল্পনা।
অনুষ্ঠানের মঞ্চে দেব জানান, ‘দেশু ৭’ সফল হলে তার পরিচালিত পরবর্তী ছবিতে নায়ক হিসেবে দেখা যেতে পারে জিৎকে। দেবের এই ঘোষণার পরই নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায় মজা করে বলেন, তিনিও সেই ছবিতে নায়িকা হতে চান।
শুভশ্রীর কথায় সায় দিয়ে দেব জানান, নিজের বিপরীতে অন্য কোনও নায়ককে বেছে নেওয়ার সুযোগ পেলে তিনি জিৎকেই দেখতে চাইবেন। ফলে দেবের পরিচালনায় জিৎ-শুভশ্রী জুটিকে আবারও পর্দায় দেখার সম্ভাবনা নিয়ে দর্শকের আগ্রহ তৈরি হয়েছে। এর আগে ‘বস’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন জিৎ ও শুভশ্রী। সেই জুটিকে ফের দেখার সুযোগ তৈরি হবে কি না, এখন সেটাই প্রশ্ন।
জিৎও এই সম্ভাবনায় ইন্ধন জুগিয়েছেন। তার আশা, ‘দেশু ৭’ সফল হবে। আর তা হলে দেবের পরবর্তী পরিচালিত ছবিতে অভিনয় করবেন তিনি। মঞ্চে দেবের সঙ্গে একই গানের তালে পা মেলাতেও দেখা যায় জিৎকে।
এদিকে ‘দেশু ৭’-এর গান প্রকাশ্যে আসার পর ছবিটি নিয়ে আলোচনা চলছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অপরাজিতা আঢ্য, ইধিকা পাল, কাঞ্চন মল্লিক, অনির্বাণ ভট্টাচার্য, প্রিয়াঙ্কা সরকার ও রজতাভ দত্ত। ছবিতে একটি গান পরিচালনা ও গেয়েছেন জিৎ গঙ্গোপাধ্যায়। অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারলেও দেবকে হাতে লেখা চিঠির মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
তবে দেবের পরবর্তী ছবিতে জিৎ ও শুভশ্রী সত্যিই একসঙ্গে থাকছেন কি না, তা এখনো নিশ্চিত নয়। আপাতত ‘দেশু ৭’-এর সাফল্যের দিকেই তাকিয়ে দুই তারকার ভক্তরা।

 

 

আয়শা/১০ অক্টোবর ২০২৬,/রাত ১০:০২

▎সর্বশেষ

ad