ব্রেকিং নিউজ
মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন হওয়ায় আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিএনপির কমিটি বাতিলের দাবি, বিক্ষোভ ও কুশপুত্তলিকা দাহ

বেঙ্গালুরু থেকে ৩১ ‘বাংলাদেশি’ আটক

Ayesha Siddika | আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৬ - ১০:১৪:২২ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্নাটকের রাজধানী বেঙ্গালুরুতে পুলিশের বিশেষ অভিযানে আটক ৩১ ‘বাংলাদেশি’ নাগরিককে পশ্চিমবঙ্গের মালদহে আনা হয়েছে। তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। আপাতত মালদহের একটি হোল্ডিং সেন্টারে তাদের রাখা হয়েছে।

বেঙ্গালুরু পুলিশ সূত্রে জানা গেছে, ৯ আগস্ট শহরে অবৈধভাবে বসবাসকারী বিদেশিদের শনাক্ত করতে বিশেষ অভিযান শুরু করা হয়। অভিযানের নাম দেওয়া হয় ‘অপারেশন মুক্ত’। হোয়াইটফিল্ড ও ইলেকট্রনিক সিটিসহ বিভিন্ন এলাকায় ব্যাপক তল্লাশি ও নথি যাচাই করা হয়। 

২ হাজার ৯৪৪ জনের নথি যাচাই করে ১০৫ জন বাংলাদেশি নাগরিককে শনাক্ত করা হয় বলে দাবি করেছে পুলিশ। তাদের কাছে ভারতে বসবাসের বৈধ কাগজপত্র ছিল না বলেও পুলিশের দাবি।

ইলেকট্রনিক সিটি এলাকায় পরিচালিত অভিযানে ১ হাজার ৯০৯ জনের নথি যাচাই করা হয়। সেখানে ৪৩ জন বাংলাদেশি নাগরিককে শনাক্ত করা হয়। পরবর্তী আইনি প্রক্রিয়ার অংশ হিসাবে তাদের মধ্য থেকে ৩১ জনকে বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। 

রোববার কড়া নিরাপত্তার মধ্যে ওই ৩১ জনকে বেঙ্গালুরু থেকে মালদহগামী ট্রেনে তোলা হয়। তাদের সঙ্গে কর্নাটক পুলিশের ২০ সদস্যের একটি দল ছিল। মঙ্গলবার রাতে ট্রেনটি মালদহ টাউন স্টেশনে পৌঁছায়। পরে তাদের মালদহ জেলা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

পুলিশের দাবি, আটক ব্যক্তিরা বিভিন্ন সময়ে সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছিলেন। পরে বেঙ্গালুরুতে বিভিন্ন পেশায় যুক্ত হন। তাদের কারও কাছেই ভারতে থাকার বৈধ অনুমতিপত্র পাওয়া যায়নি বলে জানানো হয়েছে। 

মালদহে পৌঁছানোর পর তাদের আপাতত হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষ করে সীমান্তরক্ষী বাহিনীর মাধ্যমে তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বেঙ্গালুরু পুলিশের এই অভিযান আরও চলবে বলে জানানো হয়েছে।

 

 

আয়শা/০২ সেপ্টেম্বর ২০২৬,/রাত ১০:১৪

▎সর্বশেষ

ad