বিনোদন ডেস্ক : টালিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলির জনপ্রিয় হয়ে ওঠা, ভালো ভালো সিনেমা উপহার এবং মাটির কাছাকাছি থাকতে পারা সত্যিই অনুপ্রেরণা বলে জানিয়েছেন পাগলুখ্যাত আরেক জনপ্রিয় অভিনেতা দীপক অধিকারী দেব।
আর দিন কয়েকের অপেক্ষা। এর পরেই পূজায় একঝাঁক সিনেমার মাঝে আসতে চলেছে এ তারকা জুটির সিনেমা ‘দেবশু-৭’। যে সিনেমা অনেক কথা বলে। অনেকগুলো দিক থেকে স্পেশাল হিসাবে গণ্য করা হয়েছে। একদিকে এ সিনেমার হাত ধরেই দীর্ঘ বছর পর আবারও পর্দায় ফিরছেন টালিউডের সুপারহিট জুটি। আবার অন্যদিকে পরিচালক হিসেবে দেবের আত্মপ্রকাশ। যদিও দেবকে পরিচালক হিসাবে দেখার অনুভূতি ইতিমধ্যে শেয়ার করে নিয়েছেন শুভশ্রী গাঙ্গুলি। ফলে নতুন ভূমিকায় তাকে দেখার জন্যও মুখিয়ে সবাই। শুটিং শেষে এবার শুভশ্রীর জন্য খোলা চিঠি অভিনেতা কাম পরিচালক দেবের।
এবারের ক্যামেরার পেছনের নানা মুহূর্ত তুলে ধরে দেব লিখেছেন— ‘প্রিয় শুভ। ‘DeSu7’ সিনেমার অংশ হওয়ার জন্য তোমায় অসংখ্য ধন্যবাদ। যখন আমি ঝুঁকি নিয়ে প্রথম একটি সিনেমা পরিচালনার সিদ্ধান্ত নিই, তখন বারবার অনিশ্চিত হয়ে পড়েছি নানা কারণে। এমন একটা সময়ে দুর্গাপূজার সময়েও আমাকে কোনো সিনেমা মুক্তি দেওয়ার অনুমতি দেওয়া হচ্ছিল না, তখন তুমি আমার পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলে।’
চিত্রনাট্য, টাইটেল কিংবা এই সিনেমার শেষ অংশ কী হতে চলেছে, সে সম্পর্কে কিছু না জেনেই ‘DeSu7’ সিনেমার জন্য দেবকে ‘হ্যাঁ’ বলেছিলেন শুভশ্রী। তাই এই পুরো জার্নিতে তাকে দেখতে পাওয়াটাও ঠিক ততটাই স্পেশাল বলে জানান দেব। এ অভিনেতা আরও বলেন, ‘তোমায় অনেক দিন ধরেই চিনি, কিন্তু এই সিনেমা আমায় উপলব্ধি করিয়েছে— শুধু একজন অভিনেত্রী হিসাবেই নয়, মানুষ হিসাবেও নিজেকে কতটা বিকশিত করেছ তুমি। অবাক হয়ে দেখেছি— পেশাগত ও ব্যক্তিগত জীবনের মধ্যে কত সুন্দর ভারসাম্য বজায় রেখেছ।’
এ পাগলুখ্যাত অভিনেতা বলেন, ‘আমি সত্যিই গর্বিত যে, আমাদের জার্নি প্রায় একই সময়ে শুরু হয়েছিল। জীবনের এই অধ্যায়ের জন্য আমরা আবারও এক হয়েছি। পরিচালক হিসেবে আমার প্রথম সিনেমা যদি আমায় সিনেমার বাইরেও কিছু দিয়ে থাকে, তবে সেটি হলো— তোমার মতো মানুষের সঙ্গে কাজের সুযোগ। যার সঙ্গে কাজ করে দৃষ্টিভঙ্গিই বদলে গেছে।’
তার অসময়ে পাশে থাকার জন্য শুভশ্রীকে ধন্যবাদ জানিয়ে দেব বলেন, শুধু তাই নয়, তাকে বিশ্বাস করা এবং এই জার্নির পার্ট হওয়ার জন্যও ধন্যবাদ। তিনি বলেন, এত বছর পরও ভক্তদের মাঝে ‘DeSu7’ সিনেমার প্রতি ভালোবাসা ও উন্মাদনা বাঁচিয়ে রাখতে সাহায্য করার জন্য ধন্যবাদ। আমার ওপর এবং ‘DeSu7’-এর ওপর বিশ্বাস রাখার জন্য চিরকৃতজ্ঞ থাকব। তোমার ভবিষ্যতের জন্য অনেক অনেক শুভকামনা বলে জানান দেব।
আয়শা/২৭ অগাস্ট ২০২৬,/বিকাল ৫:৪০
