পেইনের বদলি হিসেবে কুটসিয়াকে নিল হায়দরাবাদ

Anima Rakhi | আপডেট: ১৮ এপ্রিল ২০২৬ - ০১:১৯:০১ পিএম

স্পোর্টস ডেস্ক :  আইপিএলের ঠিক আগে নিউজিল্যান্ডে টি-টোয়েন্টি সিরিজে দারুণ বোলিং করেছিলেন জেরল্ড কুটসিয়া। টুর্নামেন্টের মাঝমাঝি এসে সেখানে দলও পেয়ে গেলেন দক্ষিণ আফ্রিকান পেসার। ডেভিড পেইনের বদলি হিসেবে তাকে দলে নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ।

২ কোটি রুপিতে সানরাইজার্সে যোগ দিচ্ছেন কুটসিয়া। অ্যাঙ্কেলের চোটে পেইনের ছিটকে পড়া নিশ্চিত হয়েছিল আগেই। প্রথমবার আইপিএল অভিযান হতাশাতেই শেষ হলো অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসারের। সানরাইজার্সের হয়ে দুটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন ৩৫ বছর বয়সী পেসার। প্রথম ম্যাচে ৩ ওভারে ৩৫ রান দিয়ে ২টি উইকেট নিয়েছিলেন, পরের ম্যাচে ২ ওভারে ৩৫ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য।

পেইন নিজেও ছিলেন বদলি ক্রিকেটার। টুর্নামেন্ট শুরুর আগেই ছিটকে পড়া আরেক অস্ট্রেলিয়ান জ্যাক এডওয়ার্ডসের পরিবর্তে তাকে নিয়েছিল সানরাইজার্স। বদলি ক্রিকেটারের বদলি কুটসিয়া আন্তর্জাতিক অভিষেকের আগেই আইপিএলে দল পেয়েছিলেন। ২০২১ আসরে লিয়াম লিভিংস্টোনের বদলি হিসেবে তাকে নিয়েছিল রাজস্থান রয়্যালস। তবে কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি। ২০২৪ আসরে তাকে ৫ কোটি রুপিতে দলে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স। সেবার ১০ ম্যাচ খেলে উইকেট নিয়েছিলেন ১৩টি।

গত আসরে ২ কোটি ৪০ লাখ রুপিতে গুজরাট টাইটান্সে খেলে ৪ ম্যাচে স্রেফ ২টি উইকেট নিতে পারেন ওভারপ্রতি প্রায় ১১ রান করে দিয়ে। এরপর ২ কোটি রুপি ভিত্তি মূল্যে গত নিলামে দল পাননি তিনি। এবারের আইপিএল শুরুর ঠিক আগে নিউ জিল্যান্ডে টি-টোয়েন্টি সিরিজে ৫ ম্যাচে ৮ উইকেট নেন তিনি ওভারপ্রতি মাত্র ৬.২১ রান দিয়ে। শেষ পর্যন্ত আইপিএলেও দল পেয়ে গেলেন ২৫ বছর বয়সী পেসার।

এডওয়ার্ডস ও পেইন ছাড়াও সানরাইজার্স চোটের কারণে এর আগে হারিয়েছে ইংলিশ পেসার ব্রাইডন কার্সকে। তার বদলি হিসেবে সুযোগ পেয়েছেন শ্রীলঙ্কান পেসার দিলশান মাদুশাঙ্কা। সানরাইজার্সের জন্য সুখবর, চোট কাটিয়ে ফেরার পথেই আছেন তাদের মূল অধিনায়ক প্যাট কামিন্স। আগামী শনিবারের ম্যাচ দিয়ে তিনি মাঠে ফিরতে পারবেন বলে আশা করা হচ্ছে।

অনিমা/১৮ এপ্রিল ২০২৬,/দুপুর ১:১৮

▎সর্বশেষ

ad