আমি ভিক্ষা চাই এই সংসদের কাছে, কেন বললেন হাসনাত আবদুল্লাহ

Ayesha Siddika | আপডেট: ১৫ এপ্রিল ২০২৬ - ০৯:২০:১৭ পিএম

ডেস্ক নিউজ : সড়কের বেহাল দশা ও ক্রমবর্ধমান দুর্ঘটনায় মানুষের প্রাণহানি রোধে সংসদ অধিবেশনে আবেগঘন বক্তব্য দিয়েছেন কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

কুমিল্লার দেবিদ্বার এলাকায় মহাসড়কটি দ্রুত প্রশস্ত করার দাবি জানিয়ে তিনি বলেন, এই রাস্তা ১০ লাখ মানুষের প্রাণ বাঁচাবে, আপনাদের কাছে আমি ভিক্ষা চাই– দ্রুত রাস্তাটি করে দিন।

বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা চলাকালে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এসব কথা বলেন। এসময় অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

হাসনাত আবদুল্লাহ বলেন, দেবিদ্বার এলাকার সড়কটি প্রত্যেকদিন মৃত্যুর মিছিলে পরিণত হয়েছে। কেবল এই মাসেই ২৩ জন মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। যখন আমরা মন্ত্রী মহোদয় বা প্রশাসনের সঙ্গে কথা বলি, তখন তারা প্রশাসনিক জটিলতার কথা বলেন। দীর্ঘ ১০-১২ বছর ধরে এই রাস্তায় কোনো কাজ হচ্ছে না।

তিনি আরও বলেন, লাইন অব ক্রেডিটের (এলওসি) আন্ডারে এই মহাসড়কটি ছয় লেনের হওয়ার কথা থাকলেও বর্তমানে এটি মাত্র ১৮ ফিট হয়ে আছে। আমি এলাকায় মুখ দেখাতে পারি না। এলাকার মানুষ ক্ষুব্ধ হয়ে আমাকে এখন বেঁধে রাখবে। মাননীয় স্পিকার, আপনি সংশ্লিষ্ট মন্ত্রী মহোদয়কে একটি রুলিং দিন যেন তিনি দ্রুত ব্যবস্থা নেন।

 

 

আয়শা/১৫ এপ্রিল ২০২৬,/রাত ৯:১৮

▎সর্বশেষ

ad