কানাডায় লিবারেল পার্টির সংখ্যাগরিষ্ঠতা অর্জন

Anima Rakhi | আপডেট: ১৫ এপ্রিল ২০২৬ - ০১:২০:২২ পিএম

আন্তর্জাতিক ডেস্ক  : কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি-এর নেতৃত্বে ক্ষমতাসীন লিবারেল পার্টি অফ কানাডা তিনটি গুরুত্বপূর্ণ উপনির্বাচনে জয় পেয়ে দেশটির পার্লামেন্ট হাউস অব কমন্স-এ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, টরন্টো ও কুইবেকসহ তিনটি উপনির্বাচনে জয় পেয়ে লিবারেলদের আসন সংখ্যা দাঁড়িয়েছে ১৭৪টি, যা সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় সংখ্যাকে অতিক্রম করেছে।

উপনির্বাচনগুলোতে স্কারবরো সাউথওয়েস্ট আসনে ডলি বেগম, ইউনিভার্সিটি–রোজডেল আসনে ডানিয়েল মার্টিন এবং তেরেবোন আসনে টাটিনা আগুস্টিন জয়ী হয়েছেন।

এর আগে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য লিবারেল পার্টির মাত্র একটি আসন কম ছিল। সাম্প্রতিক সময়ে বিরোধী দলের পাঁচজন এমপি দল পরিবর্তন করে লিবারেল দলে যোগ দেওয়ায় তাদের অবস্থান আরও শক্তিশালী হয়।

উপনির্বাচনে জয়লাভের ফলে লিবারেল পার্টি এখন সংসদে আরও স্থিতিশীল অবস্থানে রয়েছে। এতে করে সরকার তাদের নীতি ও আইন সহজে পাস করাতে পারবে বলে ধারণা করা হচ্ছে।

নির্বাচনে জয়লাভের পর ডলি বেগম এক প্রতিক্রিয়ায় বলেন, স্কারবরো সাউথওয়েস্টের মানুষের ভালোবাসায় তিনি অভিভূত। তিনি তার সমর্থক, স্বেচ্ছাসেবক এবং বিশেষ করে বাংলাদেশি কমিউনিটির প্রতি কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতেও জনগণের পাশে থাকার অঙ্গীকার করেন।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী মার্ক কার্নির নেতৃত্বে বর্তমান সরকার জীবনযাত্রার ব্যয় কমানো, সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা এবং কানাডাকে একটি ঐক্যবদ্ধ ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

অনিমা/১৫ এপ্রিল ২০২৬,/দুপুর ১:২০

▎সর্বশেষ

ad