
স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপে কঠিন সময় পার করছেন বাবর আজম। চার ম্যাচে তার রান মাত্র ৬৬। স্ট্রাইক রেটও খুব বেশি নয়। এই কারণে তাকে ওপেনিং থেকে নামিয়ে মিডল অর্ডারে খেলানো হচ্ছে। বিষয়টি নিয়ে আলোচনা চলছে।
ডু প্লেসি বলেন, ‘দেখুন, আমি মনে করি, সব মহান খেলোয়াড় তাদের ক্যারিয়ারের ভিন্ন সময়ে নিজেদের বদলান। বাবরের মতো একজনকে আমরা অনেক দিন ধরে বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন হিসেবে চিনি। আমি মনে করি টি-টোয়েন্টি ক্রিকেট এত দ্রুত এগিয়ে গেছে এবং স্ট্রাইক রেটের দিকে চলে গেছে যে সে স্ট্রাইক রেটের দিক থেকে কিছুটা পিছিয়ে পড়েছে।’
তিনি আরও বলেন, ‘গত কয়েক বছরে এবং বিশেষ করে পাওয়ারপ্লেতে তাকে দেখলে বোঝা যায়, খেলা এত দ্রুত এগিয়ে গেছে যে ১২০ স্ট্রাইক রেটে চলবে না। প্রথম ছয় ওভারকে পুরো কাজে লাগাতে এখন ১৬০-১৯০-২০০ প্লাস স্ট্রাইক রেট দরকার।’তবে বাবরের গুরুত্ব এখনো আছে বলে মনে করেন ডু প্লেসি। বিশেষ করে ধীরগতির পিচে তার ভূমিকা বেশি কাজে আসে।
তিনি বলেন, ‘আমি মনে করি মাইক হেসনের মতো কেউ যা করার চেষ্টা করছেন তা হলো তাকে খেলার মধ্যে আনার সেরা উপায় খুঁজে বের করা এবং স্পিনিং পিচে মাঝের ওভারে তার মতো একজন সোনার মতো মূল্যবান।’ তিনি আরও বলেন, ‘পাটা উইকেটে এখন এ ধরনের ভূমিকা আগের মতো গুরুত্বপূর্ণ নয়… তাই আমি বুঝতে পারি সে হয়তো ভেবেছে কীভাবে বাবর আজমের সেরাটা বের করা যায়।’
আয়শা/২৩ ফেব্রুয়ারী ২০২৬,/সন্ধ্যা ৭:০০






