বিএনপির বিজয়ী প্রার্থীকে মিষ্টিমুখ করালেন শিশির মনির

Ayesha Siddika | আপডেট: ১৩ ফেব্রুয়ারী ২০২৬ - ০৩:৫৪:২৩ পিএম

ডেস্ক নিউজ : সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) রাজনৈতিক সৌজন্যের নজির স্থাপন করেছেন পরাজিত জামায়াতের প্রার্থী শিশির মনির।  ফল ঘোষণার পর শুক্রবার বিজয়ী প্রার্থীর বাসায় ফুলেল শুভেচ্ছা জানিয়ে বিজয়ী নাছির চৌধুরীকে মিষ্টি মুখ করে অভিনন্দন জানিয়ে নতুন রাজনৈতিক সংস্কৃতির বার্তা দিয়েছেন তিনি।

নির্বাচনে বেসরকারি ফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকের প্রার্থী নাছির উদ্দিন চৌধুরী পেয়েছেন ৯৯ হাজার ৫২২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মোহাম্মদ শিশির মনির পেয়েছেন ৬৩ হাজার ২২০ ভোট। এ আসনে মোট ভোটাধিকার প্রয়োগ করেছেন ৫৪ দশমিক ৭৩ শতাংশ ভোটার।

নির্বাচনের ফল ঘোষণার পরপরই সামাজিক মাধ্যম ফেসবুকে ব্যক্তিগত আইডি থেকে বিজয়ী প্রার্থীকে অভিনন্দন জানান শিশির মনির। তবে সৌজন্যতা সেখানেই শেষ হয়নি। সকালে তিনি ফুলের তোড়া নিয়ে নাছির উদ্দিন চৌধুরীর বাসায় উপস্থিত হন এবং সরাসরি শুভেচ্ছা জানান।

এ সময় শিশির মনির আশা প্রকাশ করেন, দিরাই-শাল্লার সার্বিক উন্নয়নে তারা একসঙ্গে কাজ করবেন।  এলাকার স্বার্থে যে কোনো প্রয়োজনে ডাকলে পাশে থাকার আশ্বাসও দেন তিনি।

রাজনীতিতে দিরাই-শাল্লা একসময় ‘তীর্থভূমি’ হিসেবে পরিচিত ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একসময় প্রচলিত ছিল—‘রাজনীতি যদি শিখতে চাও, দিরাই-শাল্লায় চলে যাও’। সাম্প্রতিক এ ঘটনাকে অনেকেই সেই ঐতিহ্যেরই পুনরুজ্জীবন হিসেবে দেখছেন।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পারস্পরিক শ্রদ্ধা ও সৌজন্যের এ সংস্কৃতি গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে এবং এলাকায় ইতিবাচক রাজনৈতিক পরিবেশ বজায় রাখতে সহায়ক হবে।  আজ থেকে ৩০ বছর আগে ১৯৯৬ সালে হেভিওয়েট প্রার্থী সুরঞ্জিত সেনগুপ্তকে হারিয়ে চমক দেখান নাছির চৌধুরী। 

আজ ৩০ বছর পর বিশাল ব্যবধানে জামায়াতের প্রার্থী শিশির মনিরকে হারিয়ে জনপ্রিয়তার প্রমাণ দিলেন নাছির চৌধুরী। তবে এ বিজয়কে দিরাই-শাল্লার সাধারণ মানুষের বিজয় উল্লেখ করে হিন্দু-মুসলমান সবাই মিলেমিশে দিরাই-শাল্লাকে সুন্দর এবং শান্তি গড়ার আকাঙ্ক্ষা ব্যক্ত করেন।

 

 

আয়শা/১৩ ফেব্রুয়ারী ২০২৬,/বিকাল ৩:৫০

▎সর্বশেষ

ad