ডেস্ক নিউজ : শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব মো. আখতার আহমেদ আনুষ্ঠানিকভাবে ২৯৭টি আসনের দলভিত্তিক এই ফলাফল ঘোষণা করেন। এ সময় সচিব জানান, এবারের নির্বাচনে মোট প্রদত্ত ভোটের হার ৫৯ দশমিক ৪৪ শতাংশ।
তথ্যের বিভ্রাট এড়াতেই ফলাফল ও পরিসংখ্যান প্রকাশে কিছুটা সময় নেয়া হয়েছে বলে জানান তিনি। দলভিত্তিক ফলাফলের বিস্তারিত সংবাদ সম্মেলনে সচিব ২৯৭টি আসনের দলভিত্তিক যে পরিসংখ্যান তুলে ধরেন, তাতে দেখা যায় এককভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২০৯টি আসনে জয়লাভ করেছে। সংসদে দ্বিতীয় বৃহত্তম শক্তি হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮টি আসন পেয়েছে।
অন্যান্য দলের প্রাপ্ত আসন সংখ্যা হলো:- জাতীয় নাগরিক পার্টি (এনসিপি): ৬টি
- বাংলাদেশ খেলাফত মজলিস: ২টি
- ইসলামী আন্দোলন বাংলাদেশ: ১টি
- গণঅধিকার পরিষদ: ১টি
- বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি): ১টি
- গণসংহতি আন্দোলন: ১টি
- খেলাফত মজলিস: ১টি
- স্বতন্ত্র প্রার্থী: ৭টি
এই ফলাফলের ভিত্তিতে জোটগত হিসেবে বিএনপি ও তার সমমনাদের আসন সংখ্যা ২১২ এবং জামায়াতে ইসলামী ও তার মিত্রদের আসন সংখ্যা ৭৭-এ দাঁড়িয়েছে।
গণভোটের ফলাফল সংসদ নির্বাচনের পাশাপাশি রাষ্ট্র সংস্কারের রূপরেখা বা ‘জুলাই চার্টার’ নিয়ে অনুষ্ঠিত গণভোটের ফলাফলও জানান ইসি সচিব। তিনি জানান, গণভোটে প্রদত্ত ভোটের হার সংসদ নির্বাচনের চেয়ে কিছুটা বেশি, যা ৬০ দশমিক ২৬ শতাংশ।
গণভোটের রায়ের পরিসংখ্যান:- ‘হ্যাঁ’ (পরিবর্তনের পক্ষে): ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯ ভোট।
- ‘না’ (বিপক্ষে): ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭ ভোট।
সচিব ব্যাখ্যা করেন, ‘পার্লামেন্টারি ভোটের চেয়ে গণভোটের শতাংশ বেশি হওয়ার কারণ হলো, আদালতের নির্দেশে চট্টগ্রামের দুটি আসনের সংসদীয় ফলাফল স্থগিত থাকলেও সেখানে গণভোটের গণনা যুক্ত হয়েছে।’
স্থগিত ২ আসন ও গেজেট প্রসঙ্গ
ফলাফল ঘোষণার সময় সচিব উল্লেখ করেন যে, ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোট হলেও ২৯৭টির ফল ঘোষণা করা হয়েছে। তিনি বলেন, ‘মাননীয় আদালতের নির্দেশনার কারণে চট্টগ্রামের দুটি আসনের ফলাফল আমরা প্রকাশ করছি না। তবে শেরপুর-২ আসনের ফলাফল দেয়া হয়েছে।’
গেজেট প্রকাশ ও শপথ গ্রহণ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আখতার আহমেদ বলেন, ‘যত দ্রুত সম্ভব, ডাটা অ্যাভেইলেবল হওয়া মাত্রই আমরা গেজেট প্রকাশ করব। সেটা দুই ঘণ্টার মধ্যেও হতে পারে। তবে নির্ভুল তথ্যের স্বার্থে আমাদের যাচাই-বাছাই করতে হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘দায়িত্ব পালনের ক্ষেত্রে সচেতনতা এবং গুরুত্ব সবচাইতে বেশি। তড়িঘড়ি করে ভুল তথ্য দেয়ার চেয়ে সময় নিয়ে সঠিক তথ্য দেয়াই শ্রেয়।’
নির্বাচন সুষ্ঠু হয়েছে দাবি করে তিনি বলেন, বিদেশি পর্যবেক্ষকরা নির্বাচন প্রক্রিয়াকে সন্তোষজনক বলেছেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিও নিয়ন্ত্রণে ছিল।
আয়শা/১৩ ফেব্রুয়ারী ২০২৬,/বিকাল ৩:১৫