ক্রীড়া ডেস্ক : ভারতের ব্যাটিং ইনিংসের ৩৮তম ওভার দেখে একটা মুহূর্তই শুধু মনে হচ্ছে। রাঁচিতে ভারত-দক্ষিণ আফ্রিকার খেলা দেখতে আসেননি দর্শক-সমর্থকরা। এসেছেন বিরাট কোহলির ব্যাটিং দেখতে। কেননা মার্কো ইয়ানসেনের করা ওভারটিতে কোহলি স্ট্রাইক প্রান্তে থাকা অবস্থায় দর্শক-সমর্থকরা ভারতীয় ব্যাটারকে ফ্রেমবন্দি করতে ব্যস্ত। নিজ নিজ ফোন বের করে ক্যামেরাম্যান বনে গেলেন তারা। স্মরণীয় মুহূর্ত বলে কথা! টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ায় কোহলিকে দেখার সাধ মিটবে শুধু ওয়ানডেতে। তাকে দেখতে পাওয়ার মুহূর্তটি যদি আবার সেঞ্চুরির হয় তাহলে সেটা নিশ্চয়ই সোনায় সোহাগা।
এই সোনায় সোহাগা মুহূর্তটাই রাঁচিতে খেলা দেখতে আসা দর্শকরা মুঠোবন্দি করলেন। থার্ডম্যান দিয়ে ইয়ানসেনকে চার মেরে তিন অংক স্পর্শ করলেন কোহলি। ক্যারিয়ারের ৫২তম সেঞ্চুরির উদযাপনটাও হলো চোখে লেগে থাকার মতো। শূন্যে গা ভাসিয়ে মুষ্টিবদ্ধ হাত ছুঁড়লেন বাতাসে। তারপর গলায় থাকা লকেট দিলেন আদুরে চুমুও। মুহূর্তটা শেষ হতে না হতেই তাকে প্রণাম করতে তার পায়ের নিচে হাজির এক দর্শক। হাঁটুগেড়ে দুই হাত ও মাথা নিচু করে নিজের চাওয়ায় পূর্ণ করলেন সেই দর্শক। একটা সময় সেঞ্চুরি করা যার অভ্যাস ছিল সেই কোহলি দীর্ঘ ৯ মাস পর আরেকটি সেঞ্চুরি পেলেন।
মাঝে অবশ্য দুটি সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেননি। এবার আর হাতছাড়া করলেন না তিনি। সর্বশেষ ওয়ানডে সেঞ্চুরিটি করেছেন চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে দুবাইয়ে। তিন অংক স্পর্শ করার পর কোহলি ছুটছেন দেড় শর দিকে। প্রতিবেদন লেখা পর্যন্ত ১৩৩ রানের অপরাজিত আছেন রানমেশিন খ্যাত ব্যাটার। ১১৫ রানের ইনিংসটি সাজিয়েছেন ১১ চার ও ৭ ছক্কায়। তাতে ভঅরতের দলীয় স্কোর ৪১ ওভার শেষে ৪ উইকেটে ২৬৬। ২০ রানে অপরাজিত আছেন লোকেশ রাহুল।







