ডেস্ক নিউজ : বাংলাদেশ বিমান বাহিনীর আন্তঃঘাঁটি কাবাডি প্রতিযোগিতা-২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বৃহস্পতিবার ঢাকাস্থ বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার এর কাবাডি মাঠে অনুষ্ঠিত হয়েছে।
চূড়ান্ত খেলায় বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজার দল ৫৫-৪৪ পয়েন্টে বিমান বাহিনী ঘাঁটি বাশার দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
প্রতিযোগিতায় অনবদ্য নৈপুণ্য প্রদর্শনের জন্য বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজার দলের কর্পোর্যাল রাজু আহমেদ শ্রেষ্ঠ খেলোয়াড় এবং বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার দলের এলএসি ওসমান গনি উদীয়মান খেলোয়াড় হিসেবে বিবেচিত হন।
সমাপনী অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধান (পরিকল্পনা) এয়ার ভাইস মার্শাল মো. শরীফ উদ্দীন সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চূড়ান্ত খেলা উপভোগ করেন এবং বিজয়ী ও উপবিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার এর এয়ার অধিনায়ক, কর্মকর্তাবৃন্দ, বিমানসেনা, এমওডিসি (বিমান), অংশগ্রহণকারী দলসমূহের সদস্যগণ এবং ঘাঁটির অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।
গত ১০ আগস্ট স্বাগতিক ঘাঁটির এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ খায়ের উল আফসার প্রতিযোগিতার উদ্বোধন করেন। উল্লেখ্য যে, ৫ দিনব্যাপী এ প্রতিযোগিতায় বাংলাদেশ বিমান বাহিনীর ৭ টি দল অংশগ্রহণ করে।
কুইকটিভি/অনিমা/১৫ আগস্ট ২০২৫/রাত ১১:০২
