সৌদি আরবে শূন্য ডিগ্রির নিচে নামতে পারে তাপমাত্রা

Anima Rakhi | আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৪ - ০৩:২৩:৩০ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : মরুর দেশ সৌদি আরবে ধেয়ে আসছে তীব্র শৈত্যপ্রবাহ। দেশটির কয়েকটি জায়গার তাপমাত্রা শূন্য ডিগ্রিরও নিচে নেমে আসবে। কিছু অঞ্চলের তাপমাত্রা -৪ ডিগ্রিতে পৌঁছাতে পারে। শনিবার এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম গালফ নিউজ।

পূর্বাভাসে বলা হয়েছে, আসন্ন শৈত্যপ্রবাহে সৌদি আরবের উত্তরাঞ্চল ঠাণ্ডায় সবচেয়ে বেশি কাবু হবে। যার মধ্যে রয়েছে তাবুক, আল জউফ, উত্তরাঞ্চলীয় সীমান্ত ও উত্তর মদিনা। আগামী ৩ জানুয়ারি পর্যন্ত এমন আবহাওয়া পরিলক্ষিত হবে।

আজ শনিবার থেকে যে শৈত্যপ্রবাহ শুরু হচ্ছে এর প্রভাবে তাবুক, আল জউফ এবং হেইলের তাপমাত্রা -৪ ডিগ্রিতে নামবে। গত কয়েকদিন ধরে সৌদিতে আলোচনা চলছে, এবার দেশটির ইতিহাসে সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হবে। তবে জাতীয় আবহাওয়া কেন্দ্রের মুখপাত্র হুসেইন আল কাহতানি গত বুধবার জানান, এসব তথ্য গুজব।

এরই মধ্যে শৈত্যপ্রবাহ চলাকালে জরুরি প্রয়োজন ব্যতীত লোকজনকে বাড়ির বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়া ঠাণ্ডা থেকে বাঁচতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং সৌদি সরকারের এ সংক্রান্ত গাইডলাইন অনুসরণ করতেও জনগণকে আহ্বান জানিয়েছে এনসিএম।

কিউটিভি/অনিমা/২৮ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৩:২৩

▎সর্বশেষ

ad