
আন্তর্জাতিক ডেস্ক : গত বছরের ৭ অক্টোবর থেকে চলা হামাস-ইসরায়েল যুদ্ধে ফিলিস্তিনিদের নিহতের সংখ্যা ক্রমশ বাড়ছে। আল-শিফা হাসপাতালে গত ১৩ দিনে ইসরায়েলের হামলায় রোগী, স্বাস্থ্য সেবাকর্মী ও যুদ্ধের কারণে বাস্তুচ্যুত ৪০০ জনের বেশি নিহত হয়েছে। রোববার (৩১ মার্চ) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, হাসপাতালটি অবরোধের সময় ফিলিস্তিনি যোদ্ধারা মর্টার শেল ও রকেট ছুড়ে ইসরায়েলি সৈন্য ও সাঁজোয়া যানে পাল্টা হামলা চালায়। এদিকে, ইসরায়েলের রাজধানী তেল আবিবে ১০ হাজারেরও বেশি বিক্ষোভকারী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারের নীতির নিন্দা জানিয়ে এবং পণবন্দিদের দ্রুত মুক্তির দাবিতে বিক্ষোভ করেছেন।
উল্লেখ্য, গত ৭ অক্টোবরের পর থেকে গাজায় ইসরায়েলের অব্যাহত হামলায় ৩২ হাজার ৭০৫ জন ফিলিস্তিনি নিহত এবং ৭৫ হাজার ১৯০ জন আহত হয়েছে। এদের মধ্যে বেশির ভাগই নিরীহ শিশু ও নারী। এ ছাড়া ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলায় নিহত হয় এক হাজার ১৩৯ জন।
কিউটিভি/আয়শা/৩১ মার্চ ২০২৪,/দুপুর ১:১২





