স্পোর্টস ডেস্ক : আইপিএলে শনিবার ( ৯ এপ্রিল) টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ঝড় তোলেন দুই ওপেনার পৃথ্বি শ ও ডেভিড ওয়ার্নার। পৃথ্বি ৭ চার ও ২ ছয়ের মারে ২৯ বলে ৫১ রানের ইনিংস খেলেন। অন্যদিকে ৬ চার ও ২ ছয়ের মারে ৪৫ বলে ৬১ রান করেন ওয়ার্নার। শেষ দিকে শার্দুল ঠাকুর ১১ বলে ৩ ছয় ও ১ চারে ২৯ রানে অপরাজিত থাকেন। ১ ছয় ও ২ চারে ১৪ বলে ২২ রানে অপরাজিত থাকেন অক্ষর প্যাটেল। কলকাতার হয়ে ২১ রান খরচায় ২ উইকেট শিকার করেন সুনীল নারিন। এছাড়া ভরুণ চক্রবর্ত্তী, উমেশ যাদভ ও আন্দ্রে রাসেল একটি করে উইকেট শিকার করেন।
এর আগে মুম্বাইয়ে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ওপেনিংয়ে দলকে ভালো শুরু এনে দেনে পৃথ্বি শ ও ডেভিড ওয়ার্নার। দুজনের ওপেনিং জুটিতে আসে ৯৩ রান। ইনিংসে নবম ওভারে এসে তাদের জুটি ভাঙেন ভরুণ চক্রবর্ত্তী। এরপর ক্রিজে নেমে ওয়ার্নারকে কিছুক্ষণ বিশ্রাম দিয়ে একাই বিধ্বংসী ব্যাট চালাতে থাকেন অধিনায়ক রিশভ পন্ত। সমান ২ চার ও ছক্কার মারে ১৪ বলে ২৭ রান করেন তিনি।
পন্ত ঝড় এসে থামান নাইট রাইডার্সের বোলার আন্দ্রে রাসেল। তার বিদায়ের পরে দিল্লি একে একে হারান ললিত যাদভ ও রভম্যান পাওয়েলের উইকেট। অনেক্ষণ ক্রিজে আঠার মতো লেগে থেকে তাদের সঙ্গে সাজঘরের পথ ধরেন ওয়ার্নারও। ফলে ভালো শুরুর পরও দুইশো রান ছাড়ানো নিয়ে শঙ্কা দেখা দেয়। কিন্তু শেষ দিকে অক্ষর প্যাটেল ও শার্দুল ঠাকুরের বিধ্বংসী ব্যাটে মনে হচ্ছিল, আরেকটু আগে নামলে, তারা স্কোরটা আড়াইশোতে নিয়ে যেতে পারতেন।
এবারের আসরে এখন পর্যন্ত দিল্লি শিবির ফুরফুরে মেজাজে নেই। তিন ম্যাচের মধ্যে দুটিতেই হেরেছে তারা। প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ৪ উইকেটে জিতলেও পরের দুটি ম্যাচে দিল্লি হেরেছে গুজরাট টাইটানস ও লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে। এক জয়ে ২ পয়েন্ট নিয়ে টেবিলের তাদের অবস্থান সাত নম্বরে।
অন্যদিকে ফুরফুরে মেজাজে রয়েছে তাদের প্রতিপক্ষ কলকাতা নাইট রাইডার্স শিবির। টুর্নামেন্টে এখন পর্যন্ত ৪ ম্যাচের ৩টিতেই জিতেছে তারা, ৬ পয়েন্ট নিয়ে টেবিলে কলকাতার অবস্থান সবার শীর্ষে। কলকাতা ও দিল্লি এখনো পর্যন্ত মুখোমুখি হয়েছে ২৯ ম্যাচে। যেখানে জয়ের পাল্লা হেলে আছে কলকাতার দিকে। তারা জিতেছে ১৬ ম্যাচে, অন্যদিকে দিল্লির জয় ১২ ম্যাচে। একটি ম্যাচে কোনো ফল হয়নি।
কিউটিভি/আয়শা/১০ই এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:০০






