ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

দুর্নীতির অভিযোগে ঘুরেফিরে সেই অধ্যক্ষই: অনিয়মের চক্রে কুড়িগ্রাম টিটিসি

Ayesha Siddika | আপডেট: ০২ মার্চ ২০২৬ - ০৭:৩৬:৪১ পিএম
রাশিদুল ইসলাম রাশেদ, কুড়িগ্রাম : দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন এবং আদালতে মামলা চলমান থাকার পরও আবার কুড়িগ্রাম কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) যোগ দিয়েছেন অধ্যক্ষ সৈয়দ রেজাউল করিম। তাঁর বিরুদ্ধে টেন্ডার জালিয়াতি ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ রয়েছে। গত বছরের ৩ সেপ্টেম্বর তাঁকে ঠাকুরগাঁও টিটিসিতে প্রধান প্রশিক্ষক হিসেবে বদলি করা হয়েছিল। ছয় মাস না যেতেই তিনি ফের কুড়িগ্রামে ফিরে এলেন।

এর আগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে শাস্তিমূলক বদলির মুখে পড়েছিলেন আরেক সাবেক অধ্যক্ষ প্রকৌশলী আইনুল হক। ফলে টিটিসিতে যাঁরা দায়িত্ব পান, তাঁদের অনিয়মে জড়িয়ে পড়ার ঘটনা যেন নিয়মে পরিণত হয়েছে। স্থানীয়দের ভাষায়, ‘মধু যেখানে, ভোমর সেখানে’। জেলার অন্যতম এই শিক্ষা প্রতিষ্ঠান এখন অনিয়মের স্বর্গরাজ্য হিসেবে পরিচিতি পাচ্ছে।

কুড়িগ্রাম দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক স্বাক্ষরিত পত্রে টেন্ডার জালিয়াতির ঘটনায় অধ্যক্ষ সৈয়দ রেজাউল করিমের বিরুদ্ধে সমন জারি করা হয়েছে। পাশাপাশি, টিটিসির ঠিকাদার হুমায়ুন কবীর প্রতারণা ও চেক জালিয়াতির অভিযোগে তাঁর বিরুদ্ধে কুড়িগ্রাম সদর আদালতে মামলা করেছেন (মামলা নং–১১৫৬/২৫)। দুদক ও আদালতে মামলা চলমান থাকার মধ্যেই গত ২৫ ফেব্রুয়ারি তিনি আবার কুড়িগ্রাম টিটিসিতে যোগ দেন। অভিযোগ উঠেছে, মোটা অঙ্কের উৎকোচের বিনিময়ে এই বদলি আদায় করা হয়েছে। এতে শিক্ষক, প্রশিক্ষণার্থী ও ভুক্তভোগী কর্মীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

এর প্রতিবাদে গত ২৬ ফেব্রুয়ারি টিটিসি প্রাঙ্গণে মানববন্ধন করেন প্রশিক্ষণার্থী, এলাকাবাসী ও সুশীল সমাজের প্রতিনিধিরা। তাঁরা দ্রুত অধ্যক্ষকে অপসারণ না করলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন। টিটিসির সিভিল ট্রেডের এক প্রশিক্ষক সাইদুল বলেন, ‘এই অধ্যক্ষ যোগদান করেই আমিসহ আরো অনেকের বেতন বেআইনিভাবে স্থগিত করে। পরে আমরা প্রতিকার চেয়ে মানববন্ধন করলে কবনি আমাদের সবাইকে চাকুরিচ্যুত করে। শুধু তাই নয় তিনি বেপরোয়া অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে টিটিসির কোটি টাকা লুটপাট করেছেন। তাকে বদলি করা হলে ছয় মাস না যেতেই আবার ফিরে এসেছেন। এখানে যে আসে, সে-ই দুর্নীতিতে জড়ায়।’
জাপানী ভাষা শিক্ষার্থী মেহেদী হাসান স্বপন বলেন, “আমাদের ছয় মাস মেয়াদী প্রশিক্ষণে টিটিসির হোস্টেলে প্রতিদিনের খাবার নিম্নমানের দিতো অধ্যক্ষ। এটার প্রতিবাদ করায় পরীক্ষার আগে আমাদের সবাইকে হোস্টেল থেকে বের কের দেন তিনি। শুধু তাই নয় তিনি বড় টেন্ডার জালিয়াতির কারিগর। তিনি এই প্রতিষ্ঠান ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। টিটিসিকে রক্ষায় আমরা তার অপসারণ চাই”। 
অভিযোগকারী ঠিকাদার হুমায়ুন কবীর বলেন, ‘চাকরি ও টেন্ডারের প্রলোভন দেখিয়ে আমার কাছ থেকে টাকা নিয়েছেন। তথ্য–প্রমাণ থাকার পরও তাঁর পুনরায় যোগদান প্রমাণ করে টিটিসি এখন মধুর হাঁড়ি। আমি ন্যায়বিচার চাই।’বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. রাশেদুল ইসলাম রেজাউল করিমের যোগদানের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ বিষয়ে বক্তব্য নিতে একাধিকবার ফোন করা হলেও সৈয়দ রেজাউল করিম সাড়া দেননি।
অভিযোগপত্র অনুযায়ী, ত্রুটিপূর্ণ টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে পাঁচটি ট্রেডের প্রায় সাড়ে ১২ লাখ টাকার মালামাল না কিনে অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এ ছাড়া সরবরাহকারীর ২০ লাখ টাকার জামানতের চেক ফেরত না দেওয়া, ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে ৭–৮ লাখ টাকা আদায় এবং কর্মীদের কাছ থেকে অবৈধ সুবিধা না পেয়ে তাঁদের চাকরিচ্যুত করার অভিযোগও রয়েছে।

এ ব্যাপারে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়াকে একাধিকবার কল দিলেও তিনি ফেন রিসিভ করেন নাই। মুঠোফোনে ক্ষুদে বার্তা পাঠালেও তিনি কোন সাড়া দেননি। একাধিক অভিযোগের পরও একই প্রতিষ্ঠানে বারবার বিতর্কিত কর্মকর্তার প্রত্যাবর্তনে প্রশ্ন উঠেছে প্রশাসনিক নজরদারি ও শুদ্ধাচারের বাস্তব প্রয়োগ নিয়ে। কুড়িগ্রাম টিটিসি কি তবে অনিয়মের বৃত্ত থেকে বেরোতে পারবে—সে প্রশ্নই এখন স্থানীয়দের মুখে মুখে।

আয়শা/০২ মার্চ ২০২৬,/সন্ধ্যা ৭:৩০
▎সর্বশেষ

ad