
বিনোদন ডেস্ক : আগামী ২৬ ফেব্রুয়ারি ভারতের রাজস্থানের উদয়পুরের একটি প্রাসাদে বিয়ে করছেন বিজয়-রাশমিকা। এদিকে বিয়ের আয়োজনকে সামনে রেখে এরইমধ্যে অসংখ্য ফেয়ারি লাইটে সেজে উঠেছে অভিনেতার হায়দরাবাদের বিলাসবহুল বাড়ি। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বাড়ির ভেতরে কর্মীদের কাটছে নিরলস ব্যস্ততায়।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন থেকে জানা যায়, অতিথিদের কাছে এরইমধ্যে পৌঁছে দেয়া হয়েছে বিয়ের নিমন্ত্রণপত্র। নিমন্ত্রণপত্রে শুধু কার্ড নয়, রয়েছে একাধিক উপহার সামগ্রী। উপহার বাক্সে রয়েছে ‘ন্যাশনাল ক্রাশ’ নামে একটি সুগন্ধি তেল, হাতে ও পায়ের যত্নে দুটি বিশেষ ক্রিম। উপহার সামগ্রীতে আরও রয়েছে বিজয়ের ‘পরিধান’ ব্র্যান্ডের টিশার্ট আর কাজুর বাক্স।
জানা গেছে, ‘ডিয়ার কমরেড’ খ্যাত এই জুটি ব্যক্তিগত বিষয় বরাবরই গোপন রাখতে পছন্দ করায় তাদের বিয়েতে উপস্থিত থাকবেন শুধু কাছের মানুষরাই। তবে এসব কাছের মানুষদেরও বিয়ের অনুষ্ঠানে অতিথি হিসেবে মানতে হবে কয়েকটি শর্ত। বিয়ে ২৬ ফেব্রুয়ারি হলেও বিয়ের অনুষ্ঠান শুরু হবে ২৪ ফেব্রুয়ারি থেকে। পুরো আয়োজনের গোপনীয়তা রাখতে দুই পরিবারের ঘনিষ্ঠ পরিজন ও বন্ধুবান্ধব ছাড়া বাইরের কারও প্রবেশের অনুমতি সম্পূর্ণ নিষেধ করা হয়েছে।
শুধু তাই নয়, বিয়ের অনুষ্ঠানে মোবাইল ফোন আনারও অনুমতি নেই অতিথিদের। কোনো কারণে আমন্ত্রিত অতিথিরা যদি তাদের বিয়ের ছবি তোলেন তবে সেটি কোনোভাবেই সামাজিক মাধ্যমে প্রকাশ করা যাবে না এ মর্মে চুক্তিতে স্বাক্ষর করতে হয়েছে। এছাড়া অনুষ্ঠান ভেন্যু সম্পূর্ণ ঢেকে ফেলা হয়েছে কড়া নিরাপত্তার চাদরে।
বিয়ের মুহূর্ত একান্তই ব্যক্তিগত করে তুলতে এবং পুরো সময়টা নিজেদের মতো করে উদ্যাপন করতেই জীবনের বিশেষ দিন নিয়ে এমন সিদ্ধান্ত দুই তারকার। তাই বিয়ের বিশেষ অনুষ্ঠান সম্প্রচারে বিপুল অর্থের প্রস্তাবও নাকচ করে দিয়েছেন এ জুটি। প্রসঙ্গত, উদয়পুরে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করে শোবিজের বন্ধুদের জন্য হায়দরাবাদে আলাদা সংবর্ধনার আয়োজনের পরিকল্পনা করেছেন বিজয়-রাশমিকার।
আয়শা/১৯ ফেব্রুয়ারী ২০২৬,/রাত ৯:৪৪






