নুরকে অভিনন্দন জানিয়ে যা বললেন গোলাম মাওলা রনি

Ayesha Siddika | আপডেট: ১৩ ফেব্রুয়ারী ২০২৬ - ০১:৩৩:০৪ পিএম

ডেস্ক নিউজ : পটুয়াখালী–৩ (গলাচিপা–দশমিনা) আসনে সংসদ সদস্য পদে বিজয়ী হওয়ায় সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরকে অভিনন্দন জানিয়েছেন সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ শুভেচ্ছা জানান।

পোস্টে গোলাম মাওলা রনি নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে নুরুল হক নুরকে অভিনন্দন জানিয়ে লিখেছেন, ‘অভিনন্দন নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য ১১৩, পটুয়াখালী-৩ জনাব নুরুল হক নুর।’

এ সময় তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী হাসান মামুনকেও অভিনন্দন জানান। রনি উল্লেখ করেন, স্রোতের বিপরীতে দাঁড়িয়ে হাসান মামুন যেভাবে সর্বশক্তি দিয়ে নির্বাচনি লড়াই করেছেন এবং সাধারণ মানুষের ভালোবাসা অর্জন করেছেন, তা গলাচিপা–দশমিনার রাজনীতিতে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

গোলাম মাওলা রনি তার পোস্টে আরও বলেন, ক্ষমতা আল্লাহর দেওয়া নেয়ামত এবং আসমানের হুকুম ছাড়া কেউ ক্ষমতায় যেতে পারে না। বিজয়ী ও পরাজিত উভয়পক্ষ যদি মহান আল্লাহকে উত্তম ফয়সালাকারী হিসেবে মেনে নেন, তবে তা সবার জন্যই কল্যাণকর হবে। সবশেষে তিনি গলাচিপা–দশমিনার জনগণকে একটি আলোচিত ও দেশ কাঁপানো নির্বাচন উপহার দেওয়ার জন্য ধন্যবাদ জানান এবং ‘আল্লাহ হাফেজ’ বলে পোস্ট শেষ করেন।

 

 

আয়শা/১৩ ফেব্রুয়ারী ২০২৬,/দুপুর ১:৩০

▎সর্বশেষ

ad