চিরপ্রতিদ্বন্দ্বী পাক-ভারত দ্বৈরথে কাকে এগিয়ে রাখছেন সৌরভ গাঙ্গুলি

khurshed | আপডেট: ১১ ফেব্রুয়ারী ২০২৬ - ০২:০১:৫৮ পিএম

স্পোর্টস ডেস্ক : চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে আসন্ন মহারণে ভারতকেই এগিয়ে রাখছেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের গ্রুপ ‘এ’ ম্যাচকে তিনি ‘বড় বিশ্বকাপ লড়াই’ আখ্যা দিয়ে বলেছেন, পাকিস্তানের জন্য ভারতকে হারানো সহজ হবে না।

গাঙ্গুলী বলেন, ‘এটি বড় ম্যাচ। ১৫ ফেব্রুয়ারির লড়াইয়ে পাকিস্তানের জন্য ভারতকে পরাজিত করা সহজ কাজ নয়। ভারত খুবই শক্তিশালী দল।’ তার মতে, বর্তমান স্কোয়াডের ভারসাম্য, ব্যাটিং গভীরতা এবং বোলিং আক্রমণ, সব মিলিয়ে ভারত ফেভারিট হিসেবেই মাঠে নামবে।
টুর্নামেন্টের শুরু নিয়েও সন্তুষ্টি প্রকাশ করেন সাবেক বিসিসিআই সভাপতি। তিনি বলেন, ‘এবারের আসরে কোনো দলকেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। নেদারল্যান্ডস, স্কটল্যান্ড বা নেপাল সবাই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলছে।’

ভারতীয় দলে তার পছন্দের খেলোয়াড়দের তালিকায় আছেন অধিনায়ক সূর্যকুমার যাদব, অভিষেক শর্মা, জাসপ্রিত বুমরাহ ও ইশান কিষান। বিশেষ করে বুমরাহর ডেথ বোলিং এবং সূর্যকুমারের আক্রমণাত্মক ব্যাটিং ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে বলে মনে করেন তিনি।

এদিকে প্রথম ম্যাচে ভারত ২৯ রানে যুক্তরাষ্ট্রকে হারিয়ে আত্মবিশ্বাসী। অধিনায়ক সূর্যকুমার যাদবের অপরাজিত ৮৪ রানের ইনিংস ছিল জয়ের মূল চাবিকাঠি। গ্রুপ পর্বে নামিবিয়ার বিপক্ষে ম্যাচ শেষে কলম্বোয় পাকিস্তানের মুখোমুখি হবে ভারত।

বহুল প্রতীক্ষিত এই লড়াই ঘিরে ইতিমধ্যেই ক্রিকেটবিশ্বে উত্তেজনা তুঙ্গে। গাঙ্গুলীর মতে, চাপ সামলে পরিকল্পনা অনুযায়ী খেলতে পারলেই ফেভারিটের তকমার মর্যাদা রাখবে ভারত।

 

 

আয়শা/১১ ফেব্রুয়ারী ২০২৬,/দুপুর ২:০০

▎সর্বশেষ

ad